অসুস্থ সুনীল পাল? ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জয়ীর এই চেহারা দেখে স্তম্ভিত ভক্তরা, কী হয়েছে কমেডিয়ানের?

একসময় স্ট্যান্ড-আপ কমেডির জগতে সুনীল পাল ছিলেন অন্যতম জনপ্রিয় নাম। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাভটার চ্যালেঞ্জ’ জয় করে তিনি কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এবং একাধিক ছবিতেও অভিনয় করেন। তবে গত বেশ কয়েক বছর ধরে তাঁকে যেন লাইমলাইট থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছিল।
সম্প্রতি সেই পরিচিত কমেডিয়ান সুনীল পালকে আবারও দেখা গেল সংবাদ শিরোনামে। কপিল শর্মার আসন্ন ছবি ‘কিস কিস কো পেয়ার কারু ২’ এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সেখানে সুনীল পালকে দেখে রীতিমতো অবাক এবং চিন্তিত হয়ে পড়েছেন নেটিজেনরা। একসময় যিনি সুনীল শেট্টি ও অনিল কাপুরের মতো তারকাদের সঙ্গে রেড কার্পেটে হেঁটেছিলেন, তাঁর এমন অস্বাভাবিক রোগা চেহারা দেখে প্রশ্ন উঠেছে সব মহলে।
নীল শার্ট, কালো ট্রাউজার এবং মাথায় কালো টুপি পরে আসা সুনীল পালকে প্রথমে অনেকেই চিনতে পারেননি। পরে যখন বোঝা যায়, তখন তাঁর অতি-কমে যাওয়া ওজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, “কেন হঠাৎ এত রোগা হয়ে গেলেন তিনি? কোনো কঠিন অসুখে ভুগছেন না তো?” অনেকে আবার পুরনো বিতর্ক টেনে এনে বলছেন, একসময় যে কপিল শর্মার সমালোচনা করতেন, তাঁকেই আবার সেই কপিলের ছবির প্রিমিয়ারে আসতে হল।
যদিও সুনীল পাল কোনো রোগে ভুগছেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবুও তাঁর এই আকস্মিক শারীরিক পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং কমেডিয়ান যেন দ্রুত আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই আশাই করছেন সকলে।