প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির নিথর দেহ উদ্ধার! শান্তিনিকেতনে রহস্যজনক মৃত্যু, পরিবারের ‘পরিকল্পিত খুন’-এর অভিযোগ

শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মাঝ মাঠ থেকে উদ্ধার হল প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহার (৫০)-এর নিথর দেহ। এই রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ি গ্রামে। মৃতদেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি থমথমে হয়ে পড়ে।

মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, মদন লোহাকে খুন করা হয়েছে এবং দেহের অবস্থান ও সামগ্রিক পরিস্থিতি সেই সন্দেহই আরও জোরালো করছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পিছনে রাজনৈতিক শত্রুতা নাকি কোনও ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং নিবিড় তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলদারি চলছে।

Dipak Barman01
  • Dipak Barman01