CID অফিসারের স্ত্রীকে মাঝরাস্তায় নামিয়ে গালিগালাজ, অশ্লীল মন্তব্য! সল্টলেকে অ্যাপ বাইক চালককে ধরল পুলিশ

অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে সিআইডি (CID) অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ এবং হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। অভিযোগকারী মহিলাকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন অভিযুক্ত চালক। এই ঘটনার জেরে অভিযুক্ত বাইক চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবারও ওই সিআইডি আধিকারিকের স্ত্রী অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করে সল্টলেকে তাঁর কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, চিংড়িঘাটা এলাকার কাছে লোহাপুল পেরোনোর সময় বাইক চালক নির্দিষ্ট গন্তব্যের দিকে না গিয়ে অন্য একটি রাস্তায় মোড় নেয়। মহিলা তাতে আপত্তি জানালে চালক তাঁকে মাঝরাস্তায় বাইক থেকে নামিয়ে দেয়।
অভিযোগ, নামিয়ে দেওয়ার সময় ওই বাইক চালক মহিলাকে অশ্লীল মন্তব্য, গালিগালাজ করে এবং তাঁকে হুমকিও দেয়। হেনস্থার শিকার হয়ে ওই মহিলা পাশেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পুরো ঘটনা জানান। খবর পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তড়িঘড়ি অভিযুক্ত যুবককে আটক করে।
এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে অ্যাপ বাইক চালকদের পরিষেবা প্রসঙ্গে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।