‘গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস!’, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, পুলিশের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ

গীতাপাঠের একটি অনুষ্ঠানে পরিবেশিত খাবারে ‘চিকেন প্যাটিস’ থাকার বিতর্ককে কেন্দ্র করে এবার রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে ‘তুষ্টিকরণের রাজনীতি’ এবং ‘হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার’ হিসেবে তুলে ধরেছেন তিনি।
শুক্রবার এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেন। তিনি বলেন, “গীতাপাঠের মতো একটি পবিত্র অনুষ্ঠানে চিকেন প্যাটিস পরিবেশন করা হয়েছে। এর থেকে স্পষ্ট, এই সরকার তুষ্টিকরণ ও পুলিশ দিয়ে দমন পীড়ন করছে।”
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের পুলিশ প্রশাসন হিন্দু সনাতনীদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে চোখ বন্ধ করে আছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার চলছে। চোখ বন্ধ করে আছে মমতার পুলিশ। এর ফল আপনাদের (সরকারকে) ভুগতে হবে।”
বিরোধী দলনেতার এই মন্তব্য রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এই ‘চিকেন প্যাটিস কাণ্ড’ ঘিরে পুলিশ এবং সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না।