গোয়ার ঘটনার পরই এবার ভুবনেশ্বরের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

গোয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার রাতে সত‍্য বিহার এলাকার একটি নাইটক্লাব-বারে হঠাৎই আগুন লাগে। দ্রুত তা পুরো বারে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।

মুহূর্তে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন যাতে ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তদন্তের নির্দেশ, শর্ট সার্কিটের সন্দেহ

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট, রান্নাঘরের ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসন তদন্ত শুরু করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, আহত কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নি-সুরক্ষা নির্দেশিকার পরই ঘটনা

উল্লেখ্য, উত্তর গোয়ার আরপোরায় ‘বিচ বাই রোমিও লেন’ নাইটক্লাবে গত শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার পরই ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (OFES) রাজ্যের সমস্ত রেস্তরাঁ, বার এবং ১০০ জনের বেশি আসনসংখ্যা-যুক্ত প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা অডিটের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর হওয়ার পরই ফের এমন অগ্নিকাণ্ডে রাজ্যের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় উদ্বেগ সৃষ্টি হয়েছে।