চ্যাম্পিয়ন্স লিগে সিটির কাছে হেরে সাতে নামল রিয়াল, তবে চাকরি হারাচ্ছেন না কোচ জাবি আলোন্সো

মরশুমের শুরুটা ভালো হলেও, সময় যত এগোচ্ছে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সের গ্রাফ ততই নিম্নমুখী হচ্ছে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে লস ব্ল্যাঙ্কস শিবিরের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই তাদের নামের সঙ্গে মানানসই নয়। রিয়ালের এই খারাপ ফর্মের সুযোগ নিয়ে লা লিগার শীর্ষস্থানে নিজেদের অবস্থান পোক্ত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এমতাবস্থায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচ হেরে টেবিলের সাতে নেমে এসেছে রিয়াল মাদ্রিদ।
সিটির কাছে অপ্রত্যাশিত ফলাফলের পর জাবি আলোন্সোর চাকরি নিয়ে জোরালো জল্পনা দানা বাঁধলেও, বিবিসি সূত্রে রিপোর্ট এসেছে যে এখনই তাঁর চাকরি যাচ্ছে না।
পরবর্তী ম্যাচ পর্যন্ত সময় পাচ্ছেন আলোন্সো
বিবিসি’র রিপোর্ট অনুযায়ী, আপাতদৃষ্টিতে যা পরিস্থিতি তাতে ম্যানেজারের হটসিটে ক্লাবের প্রাক্তন ফুটবলার জাবি আলোন্সো লা লিগার পরবর্তী ম্যাচ পর্যন্ত সময় পাচ্ছেন। আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে যদি রিয়াল পয়েন্ট নষ্ট করে, তবেই শেষমেশ আলোন্সোর উপর কোপ পড়তে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রবিবার সেল্টা ভিগোর কাছে হারের পরই আলোন্সোর বিকল্প খুঁজতে আলোচনায় বসেছিল কার্যকরী কমিটি। ফলে লা লিগার পরবর্তী ম্যাচে খারাপ ফলাফলের পর রিয়াল থেকে আলোন্সোর বিদায় ঘটলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
ম্যাচের বিবরণ
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ঘরের মাঠে বুধবার রিয়াল শুরুটা ভালোই করেছিল। হাঁটুর সমস্যার কারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন জাবি আলোন্সো। তাঁর পরিবর্তে শুরু করেন গন্সালো গার্সিয়া। রড্রিগোর গোলে প্রথমে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে ব্রাজিলিয়ান তারকা দুরূহ কোণ থেকে বল জালে রাখেন।
তবে সাত মিনিট পরেই কর্নার থেকে সমতায় ফেরে সিটি। সুযোগের সদ্ব্যবহার করে ১-১ করেন নিকো ও’রেইলি। প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে আন্তোনিয়ো রুডিগার আর্লিং হালান্ডকে অবৈধভাবে বাধা দিলে ভিএআর-এর সাহায্যে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে সিটিকে এগিয়ে দেন হালান্ড। শেষ পর্যন্ত এই ফল ধরে রেখেই ম্যাচ জিতে নেয় সফরকারী দল।
হারের ফলে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ সাতে নামলেও, ম্যাচ হেরে দলের ফুটবলারদের প্রশংসা করেন জাবি আলোন্সো। তাঁর কথায়, “আরও একটা হার হজম করা সত্যিই কঠিন তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। ছেলেরা তাঁদের সেরাটা উজাড় করে দিয়েছে। তাই আমার তরফে কোনো অভিযোগ নেই।”