সংসদ চলাকালীন রাহুল গান্ধীর জার্মানি সফর, ‘পার্টি করতে যাচ্ছেন’ কটাক্ষ বিজেপির, পাল্টা মোদীর বিদেশ সফরের প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আসন্ন জার্মানি সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাহুল আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন। ১৫ তারিখ জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
এই খবর সামনে আসতেই বিজেপি এই সফরকে কটাক্ষ করে তাঁকে ‘পর্যটন নেতা’ এবং ‘পার্টি করতে যাওয়া’ বলে আক্রমণ শানায়।
প্রিয়াঙ্কার পাল্টা: ‘প্রধানমন্ত্রী তো অর্ধেক সময়ই দেশের বাইরে থাকেন’
বিজেপির এই কটাক্ষের পরেই পাল্টা জবাব নিয়ে আসরে নামেন রাহুলের বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বিদেশ ভ্রমণের প্রসঙ্গ টেনে তিনি বিজেপিকে চেপে ধরেন।
প্রিয়াঙ্কার সরাসরি প্রশ্ন, “প্রধানমন্ত্রী তো অর্ধেক সময়ই দেশের বাইরে থাকেন। তবে বিরোধী দলের নেতার সফর নিয়ে প্রশ্ন তুলছেন কেন?”
আরেক কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপির সমালোচনা করে বলেন, “রাহুল গাঁধীর প্রশ্নের উত্তর দিতে না পারলেই বিজেপি তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চায়। এটাই তাদের একমাত্র পথ।” একইসঙ্গে কংগ্রেসের অভিযোগ, রাহুল গাঁধীর বিরুদ্ধে ব্যক্তিগত কটাক্ষ করে বিজেপি মূল রাজনৈতিক বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে চাইছে।
নির্বাচন কমিশন ও বিজেপি যোগসাজশের অভিযোগ রাহুলের
সংসদের শীতকালীন অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রাহুল গান্ধীর বিদেশ সফরের ঠিক আগে মঙ্গলবারই তিনি নির্বাচন সংস্কার নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে ভারতের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনকে ‘নিয়ন্ত্রণ’ ও ‘ব্যবহার’ করছে বিজেপি।
বিশ্লেষকদের মতে, নির্বাচনী সংস্কার নিয়ে রাহুলের এই গুরুতর অভিযোগের পর বিজেপি ব্যক্তিগত আক্রমণ শানিয়ে এই মূল বিষয়টিকে আড়াল করতে চাইছে।