আসাদউদ্দিন ওয়েইসির ‘ক্যারিশ্মা’য় মুগ্ধ! মিম প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, জোটের ইঙ্গিত?

তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল গঠনের জল্পনার মধ্যেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন ডেবরায় বিধায়ক তথা প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবীর। তিনি এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির রাজনৈতিক ক্যারিশ্মা এবং নেতৃত্ব গুণের প্রকাশ্য প্রশংসা করেছেন।

TV9 বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ডেবরার বিধায়ক বলেন, আসাদউদ্দিন ওয়েইসির রাজনীতিতে নিজস্ব একটি “ম্যাজিক” রয়েছে। ভরতপুরের বিধায়কের দল গঠনের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— মুসলিমদের জন্য কি নিজস্ব দল গড়ার প্রবণতা বঙ্গ রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে?

উত্তরে তিনি বলেন, অতীতে মুসলিম লিগ সফল হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে মুসলিমদের দল সেভাবে দাগ কাটতে পারেনি। এই প্রসঙ্গে মিমের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডেবরার বিধায়ক মন্তব্য করেন, “মিম খানিকটা সাফল্য পেয়েছে। কারণ আসাউদ্দিন ওয়েইসিকে আমি দেখেছি, ওনার বক্তৃতা আমি শুনেছি। উনি আদ্যপ্রান্ত একজন ডেমোক্রেটিক পার্সন। তিনি কিন্তু অনেকদিন ধরে পার্টিটাকে টেনে নিয়ে যাচ্ছেন।” তিনি স্পষ্টতই ওয়েইসিকে এই সাফল্যের মূল কৃতিত্ব দিয়েছেন।

অন্যদিকে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ইতিমধ্যেই মিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছেন। তিনি বাম, কংগ্রেস, এবং আইএসএফ-সহ ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলির সঙ্গে আলোচনা করে সেকুলার দল গড়তে আগ্রহী বলে জানিয়েছেন।

এদিকে, বিহারের রাজনীতিতে পাঁচটি আসন পেয়ে মিম ইতিমধ্যেই নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। পশ্চিমবঙ্গেও দলের নেতারা মালদহ-সহ বিভিন্ন এলাকায় ঘর গোছানোর কাজ ও প্রচার শুরু করেছেন। এই আবহে ডেবরার বিধায়কের মুখে ওয়েইসির এমন প্রশংসাকে বঙ্গ রাজনীতিতে মিমের সম্ভাব্য প্রভাব এবং জোট সমীকরণের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Dipak Barman01
  • Dipak Barman01