মাত্র তিন বছরেই চিতার সংখ্যা বেড়ে ৩২! ২১টি শাবকের জন্ম ভারতেই, ট্যুইট করে গর্বিত ঘোষণা মোদীর

আজ, আন্তর্জাতিক চিতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স (আগের ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে ‘প্রোজেক্ট চিতা’-র বিরাট সাফল্যের ঘোষণা করলেন। একসময় যে প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, মাত্র তিন বছরেই তা দূরন্ত সত্যি করে ভারতে চিতার সংখ্যা ক্রমশই বাড়ছে। এই প্রাণীগুলি দেশের পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে এক নতুন মাইলফলক ছুঁয়েছে।
ভারত সরকার ২০২২ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট ২০টি চিতা এনে ‘প্রোজেক্ট চিতা’ শুরু করে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের হিসাবে, ভারতে এখন মোট ৩২টি চিতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ৩২টির মধ্যে ২১টি চিতার জন্ম হয়েছে ভারতেই।
তৃতীয় প্রজন্মের জন্ম: সবচেয়ে বড় সুখবর এসেছে চলতি বছরের নভেম্বর মাসে। দেশেই জন্ম নেওয়া ‘মুখি’ নামের একটি স্ত্রী চিতা একবারে ৫টি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। অর্থাৎ, ভারতে প্রথম প্রজন্মের পর মুখির সন্তানরা চিতার তৃতীয় প্রজন্ম।
প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, চিতা সংরক্ষণ ভারতের ‘সভ্যতাগত চেতনার অবিচ্ছেদ্য অংশ’। তাঁর মতে, শুধু সংখ্যা বাড়ানোই লক্ষ্য নয়, বরং এর মাধ্যমে হারানো বাস্তুতান্ত্রিক বৈচিত্রকে ফিরিয়ে নিয়ে আসাই আসল উদ্দেশ্য।
বর্তমানে কুনো জাতীয় উদ্যান এবং গান্ধীসাগর অভয়ারণ্যে চিতারা আপন মহিমায় বিচরণ করছে। প্রধানমন্ত্রীর আহ্বান, বিশ্বজুড়ে বন্যপ্রাণী প্রেমীরা যেন ভারতে আসেন এবং এই অসাধারণ প্রাণীদের কাছ থেকে দেখেন। দেশীয় উদ্যোগ ও ‘চিতা মিত্রদের’ সম্মিলিত প্রচেষ্টায় ভারতের এই চিতা সাফল্য বিশ্বকে এক শক্তিশালী বার্তা দেয়।