ঘূর্ণিঝড়ের পিছু পিছু ঘূর্ণিঝড়! দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্যে আরও প্রবল হওয়ার আশঙ্কা

আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এর জেরে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে এবং আগামী ২৩ ঘণ্টার মধ্যে এটি আরও প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আছড়ে পড়ার পূর্বাভাস ও সতর্কতা:
জানা গিয়েছে, এই সপ্তাহের শেষেই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
বাতাসের গতি: সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
সমুদ্রের পরিস্থিতি: সমুদ্র উত্তাল হবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সিস্টেমটি সম্ভবত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপর দিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং এই সময়ে আরও শক্তি সঞ্চয় করবে। এই কারণে উপরিউক্ত রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া:
বর্তমানে শহর তিলোত্তমা কলকাতায় সকালে ও রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া শুষ্ক থাকছে। আজ শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
উপকূলবর্তী রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হলেও, পশ্চিমবঙ্গে বর্তমানে আবহাওয়ার বড়সড় কোনো বদলের পূর্বাভাস নেই।