ডেডলাইন এগিয়ে আসছে, তবুও বন্ধ BLO অ্যাপ! ১৬ ঘণ্টা ধরে কাজ করতে পারছেন না বুথ স্তরীয় আধিকারিকরা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার ডেডলাইন ক্রমশ এগিয়ে আসলেও, কাজ করতে পারছেন না বুথ স্তরীয় আধিকারিকরা (BLO)। কারণ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা ১৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে BLO অ্যাপ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য আপলোড হচ্ছে না, যা কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে চরম অচলাবস্থা সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে, বাড়তি সময় দেওয়া যাবে না।
গোড়া থেকেই অ্যাপ-বিভ্রাট:
ক্ষুব্ধ এক BLO এদিন বলেন, “এই সমস্যা আজকের নয়। ঠিক যেদিন থেকে রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে, সেই দিন থেকেই এই রকম একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। অ্যাপ কাজ করে না, বা ডেটা আপলোড হতে চায় না।”
তাঁরা জানান, কমিশনের কাছে বহুবার এই সকল বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। ওই আধিকারিক আরও বলেন, “আমরা গতকালও যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিলাম, তখন আমাদের জানানো হয়, দিল্লির (নির্বাচন কমিশন) সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে। কিন্তু তারপরেও একই অবস্থা।”
কর্মকর্তাদের অভিযোগ, অ্যাপ বন্ধ থাকায় তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারবেন কিনা, তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে। কমিশন যেখানে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কঠোর বার্তা দিয়েছে, সেখানে প্রযুক্তির এই ব্যর্থতা গোটা প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।