নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ আসায় বন্ধ হচ্ছে ‘ফুলকি’, আবেগঘন নায়িকা দিব্যাণী মণ্ডল

নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’-এর স্লট ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল যে কোন ধারাবাহিক বন্ধ হবে। প্রথমে ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ার গুজব উঠলেও, এবার জানা গেল যে কোপ পড়ল জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-এর উপর। আড়াই বছরের সফল পথচলার পর এই ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে।
৯০০ পর্বে সমাপ্তি, আবেগঘন দিব্যাণী
‘ফুলকি’ চরিত্রে অভিনয় করা দিব্যাণী মণ্ডল এই খবরের সত্যতা স্বীকার করে আজকাল ডট ইনকে জানিয়েছেন, ২৮ বা ২৯ নভেম্বরই তাঁদের শেষ শুটিং হবে, অর্থাৎ হাতে আর মাত্র ২-৩ দিন সময়। প্রায় ৯০০ পর্বে এই ধারাবাহিকটির সফর শেষ হচ্ছে।
নিজের প্রথম কাজের সমাপ্তি নিয়ে অভিনেত্রী বলেন:
“৯০০ পর্বে শেষ হচ্ছে। ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কিন্তু একই সঙ্গে এতদিনের একটা সফর, অনেক স্মৃতি…।”
“আমার প্রথম জার্নি এটা, প্রথম কাজ। প্রথম সব কিছু এখানেই শিখেছি, জেনেছি। ‘ফুলকি’ই আমায় সব শিখিয়েছে।”
তিনি আরও বলেন, “এতদিন চলল, দর্শকরা এখনও আমাদের এত ভালবাসে, এটা একটা বড় পাওনা। অনেক, অনেক, অনেক বড় পাওনা এটা।”
সেট ছেড়ে আসার মন খারাপ
দীর্ঘ আড়াই বছর ধরে একটি চরিত্রে অভিনয় করা এবং সেট ছেড়ে আসার বিষয়ে দিব্যাণী ম্লান হেসে বলেন, “মিস করব, প্রতিটা মানুষকে মিস করব, কিন্তু কয়েকজনকে একটু বেশি মিস করব। আশা করব তাঁদের সঙ্গে অন্য কোথাও দেখা হবে, বাইরে দেখা হবে। প্রথমবার প্রথম কাজ শেষ হচ্ছে, একটা মন খারাপ তো তাই রয়েছেই। এই অনুভূতিটা বোঝানো যাবে না।”
তিনি আরও বলেন, “এটা আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল, এখানেই ১৩-১৪ ঘণ্টা থাকতাম। নিজের বাড়িটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছিল। সবার সঙ্গে এত বেশি জুড়ে গিয়েছিলাম… এটাই হয়তো বড় হয়ে যাওয়া। এবার এগোতে হবে।”
এবার বড়পর্দায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে
ছোটপর্দার সফর শেষ হলেও, আগামীতে দিব্যাণীকে বড়পর্দায় দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পেরোর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে তিনি অভিনয় করছেন। এই প্রজেক্ট নিয়ে তিনি অত্যন্ত উৎসাহিত।
দিব্যাণী বলেন, “আমি খুব ভাগ্যবান যে প্রথম প্রজেক্টে এত ভাল মানুষদের সঙ্গে কাজ করলাম। পুরো টিম ভাল ছিল। প্রথম ছবিতেও সমস্ত গুণী শিল্পীরা রয়েছেন, সৃজিত স্যার রয়েছেন। ড্রিম প্রজেক্ট এটা, আমার ভাবনার বাইরে ছিল যে এঁদের সঙ্গে কাজ করব। আমি সত্যিই খুব ভাগ্যবান।”
ছোটপর্দায় ফেরার প্রসঙ্গে তিনি জানান, দর্শকরা এতদিন তাঁকে এক চরিত্রে দেখেছেন, তাই কিছুটা সময় নিয়েই নতুন কাজ নিয়ে ফিরবেন।