সংবিধান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর খোলা চিঠি, ‘কেবল কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার পাওয়া যায়’

৭১তম সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৬ বছর আগে আজকের দিনে গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। এই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নাগরিকদের মনে করিয়ে দেন, একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হিসেবে দেশের সাংবিধানিক কর্তব্য পালন করা অত্যন্ত জরুরি।

সংবিধান: স্বপ্ন পূরণের শক্তি
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে একটি জাতির অগ্রগতির পথে সংবিধানের স্থায়ী ভূমিকার ওপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গ্রহণের মাধ্যমে দেশের নাগরিকদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের শক্তি দেওয়া হয়েছিল।

সংবিধান দিবসের ইতিহাস: ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্তির পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয়। ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দেশবাসীর মধ্যে সাংবিধানিক মূল্যবোধ প্রচারের জন্য প্রতি বছর ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসাবে উদযাপনের স্বীকৃতি দেয়।

মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে কর্তব্য পালনের আহ্বান
প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে তাঁর চিঠিতে লেখেন, “কেবলমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার পাওয়া যায়।” দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্তব্য পালন করা যে কতটা জরুরি, সে কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, দেশ এখন ক্রমশ বিকশিত ভারতের দিকে পা বাড়াচ্ছে, এই পর্যায়ে দেশের সকল নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের কথা মনে রাখতে হবে।

এক্স হ্যান্ডেলের এক পোস্টে মোদি লেখেন, “আমাদের সংবিধান মানবিক মর্যাদা, সাম্য এবং স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। আমাদের অধিকার প্রদানের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়। এই কর্তব্যগুলি একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি।”

বিরোধী দলের বার্তা
এদিকে, ৭৬তম সংবিধান দিবসের পূর্তি উপলক্ষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সংবিধানের গুরুত্ব তুলে ধরেন। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লেখেন, “ভারতের সংবিধান কেবল একটি বই নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের কাছে একটি প্রতিশ্রুতি। ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল, ধনী, দরিদ্র নির্বিশেষে এই প্রতিশ্রুতি সকলের জন্য সম্মান এবং ন্যায়বিচার প্রদান করে। যতক্ষণ সংবিধান সুরক্ষিত থাকবে, ততক্ষণ প্রতিটি ভারতীয়ের অধিকার সুরক্ষিত থাকবে।”

সংবিধান দিবস উপলক্ষে বুধবার সংবিধান সদনের প্রধান হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত ছিলেন।