“২০০৫-এর মমতা এখন কোথায়?” অনুপ্রবেশকারী ইস্যুতে BJP সাংসদের তীব্র আক্রমণ, তৃণমূলের কাছে ‘স্পষ্ট ব্যাখ্যা’ দাবি!

বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার’ গুরুতর অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি দাবি করেছেন, ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংসদে এই অনুপ্রবেশের তীব্র বিরোধিতা করেছিলেন। অথচ বর্তমানে তিনি রাজনৈতিক সুবিধার জন্য এই অনুপ্রবেশকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার একটি রাজনৈতিক বিতর্কে অংশ নিয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন। ত্রিবেদী বলেন, “২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন, সেই সময় তিনি তাদের রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের পক্ষে সওয়াল করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, সম্পূর্ণ ভিন্ন সুর। বাম আমলের ভুলকে তিনি এখন সমর্থন করছেন।”

বিজেপি সাংসদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাঙ্কের স্বার্থে নিজের পুরনো অবস্থান থেকে সরে এসেছেন। তিনি তৃণমূলের কাছে প্রশ্ন তোলেন, কেন একসময়ে যিনি অনুপ্রবেশকারী ইস্যুতে সংসদে ফাইল ছুড়েছিলেন, আজ তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন? ত্রিবেদীর এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে এবং তৃণমূলের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করছে রাজনৈতিক মহল।