বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত তৃণমূলের কুণাল ঘোষ, হাসপাতালে ভর্তি, মঙ্গলবার হবে অস্ত্রোপচার

বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার সকালে আচমকাই নিজের বাথরুমে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর পায়ে গভীর চোট লেগেছে। পাশাপাশি, মাথায়ও আঘাত লেগেছে বলে সূত্রের খবর।

এই ঘটনার পরেই তড়িঘড়ি কুণাল ঘোষকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চোট গুরুতর হওয়ায় সম্ভবত মঙ্গলবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।

একাধারে রাজনৈতিক নেতা এবং সাংবাদিক কুণাল ঘোষের এমন আকস্মিক চোটের খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক এবং সংবাদমাধ্যম মহলে। দলীয় নেতৃত্ব ও অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল বা দলীয় তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।