১০ লাখের বেশি ভোটারের ফর্ম এখনও অমিল! ভোটার তালিকা পরিমার্জনের খুঁটিনাটি খতিয়ান দিলেন রাজ্যের সিইও

রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি ভোটারের ফর্ম জমা পড়েনি। সোমবার এই প্রক্রিয়ার অগ্রগতির খতিয়ান তুলে ধরলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। সপ্তাহ পেরোতেই এক মাস পূর্ণ করবে এই গুরুত্বপূর্ণ পরিমার্জন প্রক্রিয়া।

কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষেরও অধিক। এই বিশাল সংখ্যক ভোটারের জন্য নিযুক্ত রয়েছেন ৮০ হাজারের বেশি বুথ লেভেল অফিসার (বিএলও)। ফর্ম বিলির কাজ শেষ হলেও, ডিজিটাইজড হয়েছে মোট ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম। উদ্বেগজনক তথ্য হল, এখনও পর্যন্ত ১০ লক্ষ ৩৩ হাজার ভোটার তাঁদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি।

তবে আশার কথা, ১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম সপ্তাহেই কাজের নিরিখে বাংলা এগিয়ে ছিল। সিইও মনোজ আগরওয়াল এদিন জেলাভিত্তিক অগ্রগতির তথ্যও তুলে ধরেন। তিনি দাবি করেছেন, রাজ্যের সব জেলাতেই ভালো কাজ চলছে। তবে জেলাভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান।

সিইও-র দেওয়া তথ্য অনুযায়ী, জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ডিজিটাইজেশনের কাজ হয়েছে পূর্ব বর্ধমানে (৬৬.৪৭ শতাংশ)। এর ঠিক পরেই রয়েছে আলিপুর (৬৬.৪১ শতাংশ)। উত্তর দিনাজপুর (৬৫.৪৩ শতাংশ), মালদহ (৬৫.৪৩ শতাংশ) এবং পূর্ব মেদিনীপুরও (৬৫.২৭ শতাংশ) ভালো কাজ করেছে।

শুধুমাত্র জেলাভিত্তিক নয়, বিধানসভাভিত্তিক অগ্রগতির তালিকাও প্রকাশ করেছেন সিইও। তিনি জানিয়েছেন, বিধানসভা ভিত্তিক ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজে শীর্ষে রয়েছে গোসাবা, তারপর ক্যানিং পূর্ব। এরপর রয়েছে ফলতা, মোথাবাড়ি, কতুলপুর, বাসন্তি, সবং, কুমারগ্রাম, পিঙলা, সুজাপুর, কেতুগ্রাম, গোয়ালপোখর, কাঁথি উত্তর, ভাঙড়, ডেবরা এবং সবশেষে মগরাহাট পশ্চিম।