মেটাভার্স নয়, এবার নিজের ঘরেই আড্ডা! মেটার VR দুনিয়ায় বড় পরিবর্তন, রুমে ঢুকতে পারবে বন্ধুরা

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের ভার্চুয়াল রিয়েলিটির (VR) দুনিয়ায় এক বড় পরিবর্তন এনেছে। এত দিন মেটার ‘হাইপারস্কেপ’ প্রযুক্তি ব্যবহার করে নিজের ঘরের যে ডিজিটাল বা ভার্চুয়াল রূপ তৈরি করা যেত, সেখানে কেবল একা একাই সময় কাটানো যেত। সেই সীমাবদ্ধতা কাটিয়ে এবার প্রতিষ্ঠানটি এমন সুবিধা চালু করেছে, যেখানে বন্ধুবান্ধবকে নিয়ে একই ভার্চুয়াল রুমে আড্ডা দেওয়া যাবে।

মেটার ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই আপডেটের পর হাইপারস্কেপ রুমে এখন থেকে সর্বোচ্চ আটজন একসঙ্গে প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে মেটার।

কীভাবে সম্ভব হবে এই আড্ডা?
কোয়েস্ট থ্রি (Quest 3) বা কোয়েস্ট থ্রি এস (Quest 3 S) হেডসেট ব্যবহার করে ঘরের প্রতিটি কোণ স্ক্যান করে যে ডিজিটাল কপি তৈরি হয়, সেখানে আগে কেবল ব্যবহারকারী একা থাকতে পারতেন। এখন ব্যবহারকারী একটি বিশেষ লিংক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। সেই লিংক ব্যবহার করে বন্ধুরা তাঁদের নিজস্ব ভিআর হেডসেট অথবা মেটা হরাইজন মোবাইল অ্যাপ (Meta Horizon Mobile App) ব্যবহার করে সেই ভার্চুয়াল ঘরে ঢুকে পড়তে পারবেন।

আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা
ভার্চ্যুয়াল আড্ডাকে আরও বাস্তব অনুভূতি দিতে নতুন সংস্করণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে মেটা:

অন–ডিভাইস রেন্ডারিং: দৃশ্যমানতাকে আরও বাস্তবধর্মী করতে ‘অন–ডিভাইস রেন্ডারিং’ যোগ করা হয়েছে। ফলে প্রতিটি হাইপারস্কেপ রুম এখন আরও বিস্তারিত ও প্রাকৃতিক দেখা যাবে।

স্থানভেদে শব্দ: যুক্ত করা হয়েছে স্থানভেদে শব্দ শোনার সুবিধা। অর্থাৎ, আপনার ভার্চ্যুয়াল বন্ধু যে কোণ থেকে কথা বলবেন, সেদিক থেকেই শব্দটি শোনা যাবে, যা আড্ডাকে আরও জীবন্ত করে তুলবে।

ফিচারটি কবে থেকে মিলবে?
ফিচারটি যদিও এখনই সবার জন্য বিশ্বব্যাপী চালু হয়নি। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা ধাপে ধাপে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। যাঁরা ফিচারটি পাবেন, তাঁদের আবার নতুন করে ঘর স্ক্যান করতে হবে, যাতে শেয়ারযোগ্য ভার্চ্যুয়াল রুম তৈরি করা যায়।

মেটার মুখপাত্র রেশেল হোল্ম এই বিষয়ে জানান, “ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। তবে যারা পাচ্ছেন, তারা খুব দ্রুতই বন্ধুদের সঙ্গে নিজেদের ঘরে তৈরি ভার্চুয়াল রুমে আড্ডা দিতে পারবেন।”

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মেটাভার্সের অভিজ্ঞতা বৈচিত্র্যময় করতে এই হাইপারস্কেপ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভিআর প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যেখানে দূরত্ব বাধা নয়, বরং নিজের ঘরের ডিজিটাল রূপই হয়ে উঠতে পারে বন্ধুদের নতুন ও ব্যক্তিগত আড্ডাখানা।