বন্ধুর থেকে ধার নিয়ে লটারি কাটতেই ভাগ্য বদল! সবজি বিক্রেতা পেলেন ১১ কোটি টাকা, আনন্দে আত্মহারা অমিত সেহর!

এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। রাজস্থানের জয়পুরের বাসিন্দা অমিত সেহর নামের এক সবজি বিক্রেতা পাঞ্জাবে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই বন্ধুর কাছ থেকে সাহায্য নিয়েছিলেন কিছু টাকার। সেই ধার করা টাকা দিয়েই তিনি লটারি (Lottery) কাটলেন—আর তাতেই খুলে গেল ভাগ্য। পাঞ্জাব স্টেট লটারি দিওয়ালি বাম্পার-এ তিনি জিতে নিলেন অবিশ্বাস্য ১১ কোটি টাকা! মুহূর্তের মধ্যে ঠেলাগাড়িতে সবজি বিক্রি করা এই মানুষটির জীবন বদলে গেল।
লটারি জেতার পর অমিত বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এতদিন পর্যন্ত তিনি ঠেলাগাড়িতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আচমকাই ভাগ্য খুলে যাওয়ায় তিনি অভিভূত। তাঁর কথায়, ভগবান তাঁকে যেন ‘ছাপ্পর ফাড় কে’ (ছাদ ভেঙে) দিয়েছেন।
বন্ধুকে দেবেন ১ কোটি টাকা
অমিত জানান, পাঞ্জাবে গিয়ে তিনি দুটি টিকিট কেটেছিলেন—একটি নিজের জন্য এবং অন্যটি স্ত্রীর জন্য। সেই দুটি টিকিটেই কিছু টাকা জেতা হয়েছে। তবে অমিত নিজে একাই জিতেছেন ১১ কোটি টাকা।
এই বিপুল অর্থ জেতার পর তাঁর সমস্ত কষ্ট এক নিমিষে দূর হয়ে গিয়েছে বলে জানান তিনি। অমিত সেহর জানিয়েছেন, তিনি সবার আগে এই টাকা দিয়ে দুই সন্তানের পড়াশোনার খরচ চালাবেন এবং একটি বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে তিনি যে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, সেই বন্ধু মুকেশকেও সাধুবাদ জানিয়েছেন। অমিত কথা দিয়েছেন, জিতে যাওয়া এই টাকা থেকে তিনি বন্ধু মুকেশকে এক কোটি টাকা দেবেন। সব মিলিয়ে, ১১ কোটি টাকা হাতে আসতেই সবজি বিক্রেতার জীবন এখন নতুন স্বপ্ন দেখছে।