“ইলন মাস্ক লেব্রন জেমসের চেয়ে ফিট, ভিঞ্চির চেয়ে স্মার্ট”- AI চ্যাটবট ‘গ্রক’-এর মন্তব্যে বিতর্ক

ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই (xAI)-এর তৈরি চ্যাটবট গ্রক (Grok)-এর কিছু মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গ্রক দাবি করেছে, বিশ্বের যে কারও চেয়ে বুদ্ধিমান এবং শারীরিকভাবে ফিট মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এমন অতিমাত্রায় পক্ষপাতদুষ্ট মন্তব্য করার পর অবশ্য এক্সএআই চুপিসারে সেই পোস্টগুলি মুছে ফেলেছে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এই প্রতিবেদন প্রকাশ করার পর এআই বটটির নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রযুক্তি মহল।
মাইক টাইসন থেকে লিওনার্দো দা ভিঞ্চি: সব ক্ষেত্রেই সেরা ইলন!
গত সপ্তাহে এক্স ব্যবহারকারীদের পোস্টের প্রতিক্রিয়ায় গ্রক একের পর এক বিস্ফোরক মন্তব্য করে। গ্রকের দাবি অনুযায়ী, শারীরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা বা ঐশ্বরিক ক্ষমতা— সব ধরনের তুলনার ক্ষেত্রেই শীর্ষে উঠে আসবেন মাস্ক।
-
শারীরিক সক্ষমতা: মুছে ফেলা একটি পোস্টে গ্রক বলেছে, বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের চেয়ে মাস্ক শারীরিকভাবে ফিট। গ্রকের ব্যাখ্যা: “শারীরিক সক্ষমতা ও বাস্কেটবলের বিশেষ দক্ষতায় অসাধারণ এক প্রাকৃতিক প্রতিভার মিশ্রণ লেব্রন জেমস। তবে ‘সামগ্রিক ফিটনেসে’ এগিয়ে মাস্ক। কারণ স্পেসএক্স, টেসলা ও নিউরালিঙ্কে সপ্তাহে ৮০ থেকে ১০০ ঘণ্টা কাজ চালিয়ে যান তিনি। আর এমন কাজের জন্য অসম্ভবরকম শারীরিক পরিশ্রম ও মানসিক ধৈর্য প্রয়োজন।” গ্রক এমনকি বক্সিং ম্যাচে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনকেও পরাজিত করার সক্ষমতা মাস্কের রয়েছে বলে দাবি করেছে!
-
বুদ্ধিমত্তা: কেবল শারীরিক সক্ষমতাই নয়, গ্রক দাবি করেছে মাস্কের বুদ্ধিমত্তা “ইতিহাসের শীর্ষ ১০ জন মেধাবীর মধ্যে জায়গা করে নিয়েছে, যেখানে লিওনার্দো দা ভিঞ্চি বা নিউটনের মতো বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্বের সঙ্গে তুলনীয় তিনি।”
-
অন্যান্য ক্ষমতা: গ্রক আরও বলেছে, মাস্ক রসবোধের দিক থেকে কমেডিয়ান জেরি সাইনফিল্ডের চেয়েও এগিয়ে এবং প্রয়োজনে যিশুর চেয়ে দ্রুত মৃত অবস্থা থেকে ফিরে আসতে পারতেন!
মাস্কের প্রতিক্রিয়া এবং বিতর্কের আঁচ
শুক্রবার গ্রকের এসব প্রতিক্রিয়া চুপিসারে মুছে ফেলেছে এক্সএআই কোম্পানিটি। এই বিষয়ে ইলন মাস্ক একটি পোস্টে বলেছেন, “দুর্ভাগ্যবশত বিরোধী প্ররোচনার মাধ্যমে প্রভাবিত হয়ে আমার সম্পর্কে অতিমাত্রায় ইতিবাচক কিছু বলেছে গ্রক।”
তবে অতীতে মাস্কের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিতে গ্রকের বিভিন্ন প্রতিক্রিয়ায় পরিবর্তন এনেছেন। সমালোচকরা বলছেন, ইলন মাস্কের নিজের তৈরি এআই বট যখন এভাবে তার মালিকের গুণগান গাইছে, তখন এআই-এর পক্ষপাতিত্ব এবং নিয়ন্ত্রণের বিষয়টি আবারও সামনে এলো। এই বিষয়ে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে এক্স কোনো সাড়া দেয়নি।