নেতাজি স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ, বৃহস্পতিবার ব্লু লাইনে ফের ব্যাহত পরিষেবা, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

বৃহস্পতিবার দুপুরে ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে (নর্থ সাউথ করিডোর) ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হল। এদিন বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন, যিনি জীবন শেষ করার চেষ্টা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই স্টেশন মাস্টার এবং মেট্রো কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ব্যক্তিকে উদ্ধারের জন্য অবিলম্বে ওই অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলস্বরূপ, কলকাতা মেট্রোর মেন লাইনে পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে।
মেট্রো কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করায় যাত্রীদের ময়দান স্টেশনে মেট্রো থেকে নামিয়ে রেক খালি করে দেওয়া হয়। এই সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই আংশিকভাবে মেট্রো চলাচল করছিল। উদ্ধার কাজের ফলে চূড়ান্ত হয়রানির শিকার হন অফিস ফেরত নিত্যযাত্রীরা।
মেট্রো রেল সূত্রে দাবি করা হয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধার করার পর বিকেল ৪টে ৫ মিনিট থেকে ব্লু লাইনের পুরো অংশে পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়েছে এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল শুরু করেছে।
উল্লেখ্য, এর ঠিক দু’দিন আগেই, গত মঙ্গলবার সিগন্যালিংয়ের তার কাটার কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে পরিষেবা ব্যাহত হয়েছিল। ঘন ঘন এই ধরনের ঘটনায় মেট্রো যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
মনোযোগ দিন: আত্মহত্যা কোনও সমাধান নয়। যদি আপনার বা পরিচিত কারও মধ্যে আত্মহত্যার চিন্তা আসে, তবে দ্বিধা না করে সাহায্য নিন। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে স্নেহা ফাউন্ডেশনে কল করুন। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) ফোন করা যেতে পারে (সোমবার থেকে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে)।