চিনের হাতে পরপর ৩টি দৈত্যাকার সোনার খনি! ভারতে কি হলুদ ধাতুর দাম কমবে? কী বলছে বাজার বিশেষজ্ঞরা?

যেখানে ভারতে সোনার দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে প্রতিবেশী দেশ চিন সোনার দাম কমাতে পারে এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। চিনের শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক বিরল সোনার খনির সন্ধান মিলেছে, যেখানে মজুত সোনার পরিমাণ প্রাথমিক হিসাব অনুযায়ী ১,০০০ টনেরও বেশি হতে পারে।
পরপর তিনটি বড় আবিষ্কার:
খনি জরিপের সঙ্গে যুক্ত সরকারি ভূতত্ত্ববিদদের মতে, ইতিপূর্বে উত্তর-পূর্ব লিয়াওনিং এবং হুনান প্রদেশে দুটি বড় সোনার খনি আবিষ্কৃত হয়েছিল। এক বছর পেরোতেই এটি চিনা কর্তৃপক্ষের হাতে আসা তৃতীয় বড় আবিষ্কার। ভূতত্ত্ববিদরা এতদিন অনুমান করতেন যে চিনে খনন না হওয়া সোনার পরিমাণ প্রায় ৩,০০০ টন, যা রাশিয়া ও অস্ট্রেলিয়ার অবশিষ্ট মজুতের এক-চতুর্থাংশ। কিন্তু পরপর এই আবিষ্কারগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, চিনে মজুত সোনার ভান্ডার বিশেষজ্ঞদের ধারণার চেয়েও কয়েকগুণ বড়!
গবেষণার সঙ্গে যুক্ত হে ফুবাও এবং তাঁর সহকর্মীরা ৪ নভেম্বর পিয়ার-রিভিউ জার্নাল Acta Geoscientica Sinica-তে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন।
জিনপিংয়ের প্রযুক্তি বিপ্লব:
চিন এই ধরনের ধারাবাহিক আবিষ্কার সম্ভব করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা এবং অত্যাধুনিক খনিজ সন্ধানী স্যাটেলাইট ব্যবহার করে। ২০১৮ সালে চিনা বিজ্ঞানীরা একটি বিশাল ক্রস-আকৃতির অ্যান্টেনা অ্যারে তৈরি করেন, যা নিউইয়র্ক শহরের পাঁচগুণেরও বেশি বিস্তৃত। এই রাডার সিস্টেম অত্যন্ত শক্তিশালী নিম্ন-ফ্রিকোয়েন্সির তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর ভূত্বকের গভীরে প্রবেশ করে ভূগর্ভের গঠন সুনির্দিষ্টভাবে মানচিত্রায়িত করতে পারে। ফলে মাটির নিচে না ঢুকেই নিমেষে সম্পদের অবস্থান জানা যায়। এই প্রযুক্তিগত সুবিধা চিনকে শুধু সোনা নয়, লিথিয়াম, ইউরেনিয়াম এবং অন্যান্য দুর্লভ ধাতু অনুসন্ধানে বৈপ্লবিক অগ্রগতি দিয়েছে।
চিনে সোনার দাম পড়তির দিকে, ভারতে প্রভাব কতটা?
এই বিপুল মজুত সোনার খনি আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই চিনে সোনার দামে এর প্রভাব পড়েছে। বাজারে সোনার পুরোনো গয়না বিক্রি এতটাই বেড়েছে যে সোনার দাম পড়তির দিকে। ফলে আরও কয়েকশো টন সোনা রাতারাতি বাজারে এলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমবে বলে স্বীকার করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে এই ঘটনায় ভারতের বাজারে হলুদ ধাতুর দামে কতটা প্রভাব পড়বে, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করতে হবে।
প্রাচীন চিনা পুরাণে কুনলুন পর্বতমালাকে গ্রিক পুরাণের অলিম্পাস পর্বতের মতো ‘পৃথিবীর সব রত্নের ভান্ডার’ হিসেবে বিবেচনা করা হত, যা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করল।