আয়কর ব্যবস্থার মহাবদল! ৬ দশকের পুরনো আইন বাতিল, আসছে Income Tax Act 2025! বড় খবর!

৬ দশকের পুরোনো আইনকে বিদায় জানিয়ে দেশ পুরোপুরি নতুন Income Tax Act 2025-এর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন আইন ও তার সংশ্লিষ্ট ITR ফর্মগুলি জানুয়ারি ২০২৬-এর মধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের (CBDT) প্রধান, রবি আগরওয়ালের সূত্র ধরে পিটিআই এই খবর জানিয়েছে।

আইআইটিএফ দিল্লি-তে ট্যাক্সপেয়ার্স লাউঞ্জের উদ্বোধনের সময় রবি আগরওয়াল জানান, করদাতাদের যেন নতুন ব্যবস্থা ও প্রক্রিয়ার সাথে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় থাকে, সেই কারণে জানুয়ারির মধ্যেই সব ফর্ম ও নিয়মাবলী প্রকাশ করা হবে। আয়কর বিভাগের মূল লক্ষ্য হলো নতুন কাঠামোটিকে সহজ, স্পষ্ট এবং কম জটিল করে তোলা।

সরল ভাষার উপর বিশেষ জোর: আগরওয়াল স্পষ্ট করেন যে নতুন আইটিআর ফর্মগুলিকে সরলীকরণ করাই প্রধান অগ্রাধিকার, যাতে করদাতারা সহজেই আইন মানতে পারেন। টিডিএস কোয়ার্টারলি রিটার্ন ফর্ম থেকে শুরু করে সব আইটিআর ফর্মকে নতুন আইনের আওতায় নতুন করে তৈরি করা হচ্ছে। ডাইরেক্টরেট অফ সিস্টেমস এবং ট্যাক্স পলিসি ডিভিশন যৌথভাবে এই কাজ করছে, যাতে ফর্মগুলি করদাতা-বান্ধব হয়।

এক আধিকারিক জানান, ফর্ম ও নিয়মের খসড়া প্রথমে আইন বিভাগের ছাড়পত্র পাবে, এরপর তা প্রকাশ করা হবে এবং সংসদের সামনে পেশ করা হবে। গত ১২ আগস্ট সংসদে পাশ হওয়া Income Tax Act 2025 শুধুমাত্র ভাষার সরলীকরণ করে জটিল ধারাগুলি বোঝা সহজ করবে, করের হারে কোনো পরিবর্তন আনবে না।

কম শব্দে বেশি স্পষ্টতা: নতুন আইনে ১৯৬১ সালের আইনের তুলনায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। মোট ধারার সংখ্যা ৮১৯ থেকে কমে ৫৩৬-এ দাঁড়িয়েছে, আর অধ্যায় ৪৭ থেকে কমে ২৩ হয়েছে। এছাড়াও, মোট শব্দের সংখ্যা ৫.১২ লাখ থেকে প্রায় অর্ধেকে (২.৬ লাখ) নেমে এসেছে। বিস্তারিত লেখার পরিবর্তে স্পষ্ট গণনা-ভিত্তিক কাঠামো তৈরি করতে আইনে ৩৯টি নতুন টেবিল এবং ৪০টি সূত্র যুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে করের নিয়মগুলি বোঝা ও প্রয়োগ করা অনেক বেশি সরল হবে।