‘গোবিন্দার হারিয়ে যাওয়া যমজ’! পূর্ব মেদিনীপুরের সুকুমার এখন নেটদুনিয়ার ‘হার্টথ্রব’, তেল নিতে এসে ভিড় জমাচ্ছেন ভক্তরা!

দীর্ঘদিনের প্রচলিত ধারণা, পৃথিবীতে নাকি একই মানুষের মত দেখতে সাতজন মানুষ থাকেন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের এক যুবক সেই ধারণাকেই যেন সত্যি প্রমাণ করলেন। অবিকল বলিউড তারকা গোবিন্দার মতো দেখতে এই যুবককে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। তাঁর হাঁটাচলা, মুখের গঠন, কথা বলার ভঙ্গি, চুলের স্টাইল এবং পোশাক—সবকিছুই যেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার কার্বন কপি!

পটাশপুর ২ ব্লকের কৈনাড়া গ্রামের ৩৭ বছর বয়সী যুবক সুকুমার দাস। বর্তমানে তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। গোবিন্দার চেহারার সঙ্গে এতটাই মিল যে, এলাকায় এখন তিনি ‘গোবিন্দা’ নামেই পরিচিত। উচ্চতা থেকে শুরু করে শরীরের গঠন, মুখাভঙ্গি—সবটাই এত কাছাকাছি যে অনেক সময়ই চেনা মুশকিল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট বক্সে লিখছেন—’এ তো গোবিন্দার হারিয়ে যাওয়া যমজ!’

পেট্রোল পাম্পে সেলেব্রিটির ভিড়:

২০০৫ সালে উচ্চ-মাধ্যমিক পাশ করার পর রোজগারের তাগিদে এগরা শহরের একটি পেট্রোল পাম্পে চাকরি নেন সুকুমার। কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত পরিশ্রমী ও সৎ বলেই পরিচিত। সেলেব্রিটি গোবিন্দার সঙ্গে সাদৃশ্য থাকার কারণে এখন অনেকেই তাঁকে এক ঝলক দেখতে সেই পেট্রোল পাম্পে ভিড় জমাচ্ছেন। তেল নিতে এসে অনেকেই প্রথমে ভুল করে বসেন—তাঁদের সামনে কি স্বয়ং অভিনেতা গোবিন্দা দাঁড়িয়ে? চমকে গিয়ে অনেকে মোবাইল বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে জানতে পারেন, ইনি পটাশপুরের সুকুমার দাস, যিনি দেখতে গোবিন্দার অবিকল প্রতিচ্ছবি।

সুকুমার নিজেও জানান, ছোটবেলা থেকেই এই মিলের কারণে তিনি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তার পরিচিতি এখন আকাশছোঁয়া। এলাকার মানুষের এই ভালোবাসা ও আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া। নিজের মতো সাধারণ জীবন যাপন করলেও, মানুষকে একটু বিনোদন দিতে পারছেন—এটাই তাঁর আনন্দের বিষয়।