ভোটারদের জন্য কমিশনের জরুরি নির্দেশিকা! SIR ফর্ম পূরণের সময় কী করবেন, কী করবেন না—নিয়ম না মানলে জেল-জরিমানা

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা গণনা ফর্ম বিতরণের প্রক্রিয়া প্রায় শেষের পথে। এবার ফর্ম পূরণ করে জমা করার পালা। এই প্রক্রিয়া নিয়ে ভোটারদের মধ্যে ভুল বোঝাবুঝি ও ভুল এন্ট্রি হওয়ার প্রবণতা কমাতে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করেছে।
ফর্ম পূরণের সময় এই নিয়মগুলি মেনে চলুন:
স্বাক্ষর বা আঙুলের ছাপ: আবেদনকারীকে অবশ্যই নিজে হাতে ফর্মে পুরো সই করতে হবে, অথবা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। ফর্মে একটি ইউনিক কিউআর (QR) কোড থাকবে।
ভুল সংশোধনের পদ্ধতি: ফর্মে কোনও ভুল তথ্য লিখলে, সেটি একটি মাত্র দাগ দিয়ে কেটে সংশোধন করতে হবে। সেই একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে।
পরিবারের অন্য সদস্যের স্বাক্ষর: অভিবাসী শ্রমিক বা অন্য কোনো কারণে যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন, তবে একই পরিবারের অন্য কোনো ভোটার (যাঁর নাম তালিকায় আছে) তাঁর হয়ে স্বাক্ষর করতে পারবেন। এই ক্ষেত্রে, স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ফর্মের কপি: গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে। ভালোভাবে পূরণ করা ও সই করা একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক (BLO) নিয়ে যাবেন। অপর কপিটি BLO দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তাঁর পরিবারের কাছে প্রমাণ হিসেবে থাকবে।
গুরুত্বপূর্ণ তথ্য এবং সতর্কতা:
মৃত/স্থানান্তরিত ভোটার: মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, বা অন্য কোথাও নাম উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার—এই সংক্রান্ত সঠিক তথ্য অবশ্যই BLO-কে জানাতে হবে।
ছবি: গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। নির্ধারিত স্থানে মানানসই যেকোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে।
BLO ও BLA-দের দায়িত্ব:
বিএলএ (BLA) বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনে সর্বাধিক ৫০টি ফর্ম আবেদনকারীর পক্ষে BLO-এর কাছে জমা দিতে পারবেন। তাঁদের লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে ফর্মে দেওয়া তথ্য সত্য এবং ভোটার তাঁদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন।
BLO, আবেদনকারী বা তাঁর পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন এবং BLO অ্যাপে ভোটারের ছবি তুলবেন।
কড়া শাস্তির বিধান:
যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা ডুপ্লিকেট ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য সরবরাহ করেন, তবে তা গণনা ফর্মের অপব্যবহার হিসেবে গণ্য হবে। জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ ধারা অনুযায়ী সেই ব্যক্তির এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একইভাবে, BLO কর্তৃক ভুল যাচাইও একই ধারায় শাস্তিযোগ্য অপরাধ।