৩০ কোটি টাকার জালিয়াতি! FIR দায়ের হতেই ‘মিথ্যা অভিযোগ’ বললেন পরিচালক বিক্রম ভাট

প্রখ্যাত বলিউড পরিচালক বিক্রম ভাটের বিরুদ্ধে ৩০ কোটি টাকার বিশাল জালিয়াতির অভিযোগ উঠেছে। উদয়পুরের ভূপালপুরা থানায় এই মর্মে একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে। অভিযোগ, একটি ফিল্ম প্রোজেক্ট নিয়ে তিনি প্রতারণা করেছেন। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ডক্টর অজয় মুরদিয়া নামক এক ব্যক্তি বিক্রম ভাটের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তিনি তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে সিনেমা এবং তথ্যচিত্র বানানোর জন্য বিক্রম ভাটের কোম্পানিকে টাকা দিয়েছিলেন। এই বিষয়ে দু’জনের মধ্যে চারটি ছবি প্রযোজনার চুক্তিও হয়েছিল।
মূল অভিযোগ কী?
অভিযোগকারী ডক্টর মুরদিয়ার দাবি, বিক্রম ভাটের প্রযোজনা সংস্থা সেই চুক্তি অনুযায়ী ছবিগুলো বানায়নি। যদিও বা দু’টো ছবি বানানো হয়েছে, সেগুলোর চিত্রায়ণও সঠিক মান অনুযায়ী হয়নি। সবচেয়ে বেশি টাকা যে ছবির জন্য নেওয়া হয়েছিল, সেটির কাজ নাকি এখনও শুরুই হয়নি। ফলে তিনি প্রতারিত হয়েছেন এই মর্মে পুলিশি তদন্ত চলছে।
অভিযোগ মিথ্যা বললেন বিক্রম ভাট
তবে টাকা তছরুপের অভিযোগ ওঠার পরপরই পরিচালক বিক্রম ভাট তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সবটাই মিথ্যা এবং পুলিশকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। পরিচালক সাফ জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চিঠি বা নোটিশ পাননি। তিনি অভিযোগকারীকে সমস্ত কাগজ বা নথি দেখানোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, বিক্রম ভাট প্রশ্ন তুলেছেন, “যদি আমি সত্যিই তাঁকে ঠকিয়ে থাকি, তাহলে তিনি কেন আবার তৃতীয় ছবি বানানোর প্রসঙ্গ তুলছিলেন?” পরিচালকের এই পাল্টা প্রশ্ন ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে।