অষ্টম বেতন কমিশন! ৬৯ লক্ষ পেনশনভোগী কি বঞ্চিত হবেন? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠনের চিঠিতে চাঞ্চল্য

আর মাত্র দু’মাস পরই নতুন বছর, আর নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় ৪৯ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে সামনে এসেছে এক চাঞ্চল্যকর আপডেট।
প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠন ‘অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লোয়িজ় ফেডারেশন’ (এআইডিইএফ) অভিযোগ করেছে, নতুন পে কমিশনের আর্থিক সুবিধা থেকে প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী বঞ্চিত হতে পারেন! এই মর্মে অর্থমন্ত্রীকে পাঠানো এআইডিইএফ-এর চিঠি ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।
পেনশনভোগীদের বাদ যাওয়ার অভিযোগ:
এনসি-জেসিএমের (ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সচিব শিবগোপাল মিশ্রর বৈঠক হয়েছে কর্মীদের বেতন সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে। তবে এআইডিইএফ-এর অভিযোগ, বৈঠকের আলোচ্য সূচিতে পেনশনের আর্থিক সুযোগ-সুবিধার বিষয়টি রাখা হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই: কর্মচারী সংগঠনটির দাবি, কেন্দ্র নয়া পে কমিশন সংক্রান্ত বিষয়ে গত ৩ নভেম্বর যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে ৬৯ লক্ষ পেনশনভোগীর (যারা পারিবারিক পেনশন পান) কোনও উল্লেখ নেই।
ভুল সংশোধনের দাবি: তারা অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে অবিলম্বে এই ‘ভুল’ সংশোধন করে নতুন করে নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছে। পাশাপাশি, সপ্তম বেতন কমিশনের ন্যায় অষ্টম বেতন কমিশন সুপারিশের দিনক্ষণ জানানো হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।
তবে, অভিজ্ঞ মহলের মতে, এরপরও অষ্টম বেতন কমিশন নিয়ে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং পেনশনভোগীদের আর্থিক সুযোগ-সুবিধা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা কম। ২০২৬ সালের জানুয়ারী মাস থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।