৯০-এ পা দেওয়ার আগে গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতাল থেকে ফিরতেই চমকপ্রদ তথ্য ফাঁস

আর মাত্র কয়েকটা দিন পরই ৯০ বছরে পা দেবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। সম্প্রতি গুরুতর অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং পরিস্থিতি গুরুতর হওয়ায় ভেন্টিলেশনেও রাখতে হয়। তবে স্বস্তির খবর, অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং বাড়িতে ফিরে এসেছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বর্তমানে থাকেন ধর্মেন্দ্র
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি অল্প বয়সে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। পরে, তিনি হেমা মালিনীর প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন। তবে ধর্মেন্দ্র কখনও প্রকাশ কৌরকে বিবাহবিচ্ছেদ দেননি। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র-পুত্র জানিয়েছেন, ধর্মেন্দ্র বর্তমানে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই একটি বাগানবাড়িতে বসবাস করেন, আর হেমা মালিনী আলাদা থাকেন। অভিনেতার অসুস্থতার খবর পেয়ে প্রকাশ কৌর নিয়মিত হাসপাতালে আসা-যাওয়া করেছেন এবং বর্তমানে বাড়িতেও তাঁর সঙ্গেই রয়েছেন।
দেশভাগের কারণে হারিয়েছিলেন প্রথম প্রেম
প্রকাশ কৌর ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী হলেও, তিনি নাকি ধর্মেন্দ্রর প্রথম ভালোবাসা ছিলেন না! এক টেলিভিশন শো-তে এসে অভিনেতা নিজেই তাঁর ছোটবেলার প্রেমের গল্প বলেছিলেন। দেশভাগের কারণে সেই প্রেম নাকি হারিয়ে যায়।
১৯৪৭ সালের দেশভাগের আগের ঘটনা এটি। ধর্মেন্দ্র যে গ্রামে থাকতেন, সেই গ্রামেই থাকতেন হামিদা নামের একটি মেয়ে। হামিদা ধর্মেন্দ্রর শিক্ষকের কন্যা ছিলেন। ধর্মেন্দ্র তখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন আর হামিদা অষ্টম শ্রেণীতে। যদিও হামিদা বয়সে কিছুটা বড় ছিলেন, তবে সেই সময়ে তা ধর্মেন্দ্রর কাছে কোনো বাধা ছিল না।
ধর্মেন্দ্র জানান, ছোটবেলায় তিনি শুধু চাইতেন হামিদার পাশে বসতে। অত্যন্ত লাজুক স্বভাবের কারণে তিনি কখনও তাঁর মনের কথা মুখে বলতে পারেননি। কেবল দূর থেকে হামিদাকে দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। হামিদা কখনও জানতেই পারেননি যে ধর্মেন্দ্র তাঁকে ভালোবাসতেন। পরবর্তীতে ধর্মেন্দ্র একটি কবিতা লিখেছিলেন, যেখানে তিনি তাঁর ছোটবেলার এই ভালোবাসার কথা লিখে রেখেছিলেন।
১৯৪৭ সালে দেশভাগের সময় হামিদা তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান এবং ধর্মেন্দ্র ভারতে থেকে যান। এর পরে তাঁদের আর কখনও দেখা হয়নি। ধর্মেন্দ্রর জীবনে প্রথম প্রেম অধরাই থেকে যায়।