‘কাগজপত্র নেই, রুটি-রোজগারের জন্য এসেছিলাম’! SIR আতঙ্কে বাংলাদেশে ফেরার হিড়িক, আটকেছে BSF

বারোটি রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে ধরা পড়ল এক চাঞ্চল্যকর চিত্র। সোমবার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে লোটা-কম্বল ও আসবাবপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শ’য়ে-শ’য়ে মানুষকে। জানা যাচ্ছে, এসআইআর-এর ভয়েই তাঁরা ভারত ছেড়ে বাংলাদেশে পালাচ্ছেন।
অবৈধ বাসিন্দাদের স্বীকারোক্তি
টিভি৯ বাংলার ক্যামেরায় ধরা পড়া এই এক্সক্লুসিভ ছবিতে দেখা গিয়েছে, পুরুষ, মহিলা ও শিশুরা মাথায় বোঁচকা এবং বড় ট্রলিসহ সীমান্ত পার হওয়ার অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ প্রকাশ্যেই স্বীকার করেছেন যে, রুটি-রোজগারের জন্য তাঁরা কোনো নথি-পত্র ছাড়াই বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন।
সাবিনা পারভিন নামে এক বাংলাদেশি স্বীকার করলেন: “বাংলাদেশে বাড়ি। বিরাটি থাকতাম। আমার কাছে কাগজপত্র নেই, বেআইনিভাবে থাকতাম।”
আরেকজন জানান: “চিনারপার্কে থাকতাম। আধারকার্ড নেই আমার কাছে। এখানে এসেছিলাম পেটের দায়ে। লোকের বাড়ি কাজ করে কিছু রোজগার হত।”
বিপুল সংখ্যক মানুষকে আটক করল BSF
এ দিন হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি নাগরিক সীমান্ত পার হওয়ার জন্য জড়ো হন। এই বিপুল সংখ্যক মানুষকে দেখে স্বরূপনগরের স্থানীয় মানুষ রীতিমতো বিস্মিত।
ইতিমধ্যে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) জওয়ানরা তাঁদেরকে আটকেছেন এবং বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছেন। এসআইআর লাগু হওয়ার পরেই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যেভাবে ভারত ছাড়ার হিড়িক পড়েছে, তা নিয়ে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।