পুলিশও ব্যর্থ! প্রিয় শিল্পীকে দেখতে গিয়ে ভিড়ের চাপে অসুস্থ শ্রোতারা, শেষমেশ কি গান গাইলেন শ্রেয়া?

ওড়িশার কটকে অনুষ্ঠান করতে গিয়ে যে এমন বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি গায়িকা। শ্রেয়ার মঞ্চে ওঠার পরই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শ্রোতা।
ঠিক কী ঘটে?
কটকের ঐতিহ্যবাহী বালী যাত্রায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তিনি মঞ্চে উঠতেই অনুষ্ঠানস্থলে ভিড় এতটাই বেড়ে যায় যে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়। পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করে যে, ঘটনাস্থলেই জ্ঞান হারান দুই শ্রোতা। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।
শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান নিয়ে বরাবরই অনুরাগীদের মধ্যে চরম উন্মাদনা থাকে। তাঁর কনসার্ট গোটা বিশ্বেই সুপারহিট। সেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে গিয়েই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। কটকবাসী এই ঘটনায় হতবাক।
সূত্রের খবর, শিল্পী শ্রেয়া ঘোষাল নিজে ঠিকই রয়েছেন। তবে এই ধরনের ঘটনার পর শ্রেয়া বা তাঁর টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং গায়িকা নতুন করে অনুষ্ঠান শুরু করেন। এই ঘটনা কনসার্টের নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিয়েছে।