‘চাকরি দেওয়ার নামে নাবালিকাদের বিক্রি করে দিচ্ছে তৃণমূল নেতা!’ মহিলা পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অগ্নিমিত্রা পালের

রাজ্যে নারী নির্যাতন ও মহিলা পাচারের ঘটনা প্রসঙ্গে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক এবং রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূলের এক প্রভাবশালী নেতা গ্রাম থেকে নাবালিকাদের নিয়ে এসে নিষিদ্ধ এলাকায় বিক্রি করে দিচ্ছে।
অগ্নিমিত্রা পাল দাবি করেন, চার দিন আগেই মহিলা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূলের সংখ্যালঘু শাখার সম্পাদক আজমল সিদ্দিকীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালেও একই মহিলা পাচার কাণ্ডে আজমল সিদ্দিকী গ্রেফতার হয়েছিলেন। তবুও ‘অদ্ভূতভাবে’ ২০২১ সালে তৃণমূল তাকে উচ্চপদে দায়িত্ব দেয়।
অগ্নিমিত্রার অভিযোগ, আজমল সিদ্দিকী এবং তার দলবল গ্রামগঞ্জের গরিব মহিলাদের বোকা বানাচ্ছে। তিনি বলেন, “আজমল সিদ্দিকী এবং তার দলবল গ্রাম থেকে নাবালিকাদের নিয়ে এসে, চাকরি দেবার নাম করে তাদের সাথে প্রতারণা করছে। শহরে নিয়ে গিয়ে নিষিদ্ধ এলাকায় বিক্রি করে দিচ্ছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের ভাবতে লজ্জা লাগছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি বলেন, বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু সেখানে দাঁড়িয়েই বাংলার গ্রামগঞ্জের গরিব মহিলাদের বোকা বানিয়ে তাদের সুযোগ নেওয়া হচ্ছে।”
অগ্নিমিত্রা রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, শশী পাঁজা কথায় কথায় উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়ের উদাহরণ দিলেও, এই গুরুতর বিষয়ে তিনি বা তাঁর দলের কোনও মহিলা নেত্রীর কাছ থেকে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।
এনসিআরবি রিপোর্ট ও ঘৃণ্য অপরাধ:
অগ্নিমিত্রা পাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী এই রাজ্যে গার্হস্থ্য হিংসা, অপহরণ, নাবালিকা মেয়েদের উপর অত্যাচার এবং কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার মতো ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। তিনি তারকেশ্বরে চার বছরের নাবালিকা ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য অপরাধ এবং রামপুরহাটে কমবয়সী আদিবাসী মেয়ের ওপর যৌন নির্যাতনের মতো ঘটনার উল্লেখ করে বলেন, “এই ধরণের ঘৃন্য ঘটনা একের পর এক ঘটে চলেছে তৃণমূল সরকারের ক্ষমতায়।”
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “আমরা এতদিন বলতাম তৃণমূল মানে চোর। কিন্তু তৃণমূল যে মহিলা বিদ্বেষী, তৃণমূল যে মেয়েদের সম্মান দিতে জানে না, তা আবারও প্রমাণ হলো।” অগ্নিমিত্রা পালের দাবি, গত ১৫ বছরে মেয়েদের ওপর হওয়া অত্যাচারের অনেক ঘটনার চার্জশিট নেই, বিচার নেই, এফআইআর নেই। তাঁর চূড়ান্ত অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় অপরাধী, ধর্ষক এদের পাশেই দাঁড়িয়ে এসেছেন।