পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে সব শেষ! গাজিয়াবাদে ঢালাই মেশিন ভেঙে মৃত মুর্শিদাবাদের রাজমিস্ত্রি

পরিবারের মুখে হাসি ফোটাতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মুর্শিদাবাদের এক পরিযায়ী রাজমিস্ত্রির। দিল্লির গাজিয়াবাদে একটি নির্মাণস্থলে কাজ করার সময় ভারী ঢালাই মেশিন ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর মধ্য চাচন্ড গ্রামে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসীর শেখ (৩৮)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচন্ড গ্রামে। প্রায় দেড় মাস আগে সংসারের অভাব ঘোচাতে এবং রোজগারের সন্ধানে গাজিয়াবাদ গিয়েছিলেন এই পরিশ্রমী যুবক।

ঢালাই মেশিনের নীচে চাপা পড়ে মৃত্যু

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চারতলা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ উপরের দিক থেকে একটি ভারী ঢালাই মেশিন বাসীর শেখের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাসীর শেখকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার রাতেই এই দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছয়। পরিবারের একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে স্ত্রী সাগিরা বিবি, দুই ছেলে ও এক মেয়ে এখন দিশেহারা। কীভাবে দেহ ফিরিয়ে আনা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মৃতদেহ মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর বাসীরের পরিবার এখন গভীর অনিশ্চয়তার মুখে। আগামীদিনে ছেলেমেয়েদের নিয়ে সংসার কিভাবে চলবে, সেই প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে সাগিরা বিবিকে।