একতরফা প্রেমের করুণ পরিণতি, প্রেমিকের মৃত্যুদিনেই প্রয়াত নায়িকা-গায়িকা সুলক্ষ্মণা পণ্ডিত, কেন বিয়ে করেননি তিনি?

ষাট ও সত্তরের দশকে বলিউড মাতিয়েছিলেন যে অভিনেত্রী, তিনি সুলক্ষ্মণা পণ্ডিত (Sulakshana Pandit)। অভিনয় থেকে গান—দুই ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ছিল। দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে আড়ালে থাকা জনপ্রিয় এই নায়িকা সবার অলক্ষ্যে প্রয়াত হলেন। চাঞ্চল্যকর বিষয় হলো, তাঁর চর্চিত প্রেমিক সঞ্জীব কুমারের মৃত্যুদিনেই (৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার রাতে সুলক্ষণার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৮টা নাগাদ তিনি প্রয়াত হন। শুক্রবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।
একতরফা প্রেম ও সঞ্জীব কুমারের প্রত্যাখ্যান
সুলক্ষ্মণা পণ্ডিতের প্রেমজীবন নিয়ে বলিউডে বহু চর্চা হয়েছে। তিনি কখনও বিয়ে করেননি। শোনা যায়, তাঁর প্রথম ছবির নায়ক সঞ্জীব কুমারের (Sanjeev Kumar) সঙ্গেই নাকি তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।
প্রেমের শুরু: ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ ছবিতে প্রথম অভিনয় করেন সুলক্ষ্মণা। এরপর আর একসঙ্গে কাজ না করলেও, শোনা যায়, এই ছবি থেকেই তিনি সঞ্জীব কুমারের একতরফা প্রেমে ডুবেছিলেন।
সিঁদুর পরানোর চেষ্টা: হেমা মালিনীর কাছে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর সঞ্জীব কুমার যখন হতাশায় মদ্যপানে ডুবে থাকতেন, সেই সময় সুলক্ষ্মণা তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলেন। সঞ্জীব কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, সুলক্ষ্মণা নাকি সঞ্জীবকুমারকে জোর করে মন্দিরে নিয়ে গিয়েছিলেন এবং তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে বলেছিলেন।
সঞ্জীব কুমারের প্রত্যাখ্যান: কিন্তু সঞ্জীবকুমার রাজি হননি। তিনি জানতেন যে তিনি বেশিদিন বাঁচবেন না, তাই নতুন করে আর কারও সঙ্গে নিজেকে জড়াতে চাননি।
গায়িকা ও অভিনেত্রী হিসেবে পরিচিতি
গায়িকা ও অভিনেত্রী বিজয়েতা পণ্ডিতের বোন সুলক্ষ্মণা ১২ জুলাই ছত্তিশগড়ের রায়গড়ে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৬৭ সালের ‘তকদির’ ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর গাওয়া ‘সাত সমন্দর পার সে’ গানটি তাঁকে খ্যাতি এনে দেয়। এরপর অভিনয়ে এসেও তিনি সাফল্য পেয়েছিলেন।