‘ডিটেনশন ক্যাম্পে যেতে চাই না!’ আতঙ্কিত গৃহসহায়িকারা, সীমান্তে বাড়ছে গ্রেফতারি, উধাওয়ের ঘটনায় প্রশ্ন তুলছেন গৃহকর্ত্রীরা

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চালু হতেই অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটি, বিশরপাড়া, এবং নিউ ব্যারাকপুরের মতো এলাকাগুলিতে। এখানকার বহু গৃহকর্ত্রীর মাথায় হাত, কারণ তাঁদের গৃহসহায়িকারা রাতারাতি কাজ ছেড়ে ‘পাততাড়ি গুটিয়েছেন’।

এলাকার গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন, SIR ঘোষণার পরই তাঁদের পরিচিত পরিচারিকারা হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন। কেউ ‘রহিমার মা’ নামে পরিচিত, কেউ বা অন্য নামে। এঁরা অনেকেই এসে গৃহকর্ত্রীদের বলেছেন, “আর থাকা যাবে না এখানে, বাংলাদেশে চললাম!” এই মহিলারা কারা, কোথা থেকে, কবে থেকে, কী অধিকারে এদেশে থাকছিলেন এতদিন—এই প্রশ্ন এখন তুলছেন বিজেপি নেতারা। হতবাক হয়েছেন গৃহকর্ত্রীরাও।

বিরাটির বাসিন্দা অপালা মিত্র তাঁর গৃহসহায়িকা রহিমা-র মায়ের কার্যকলাপে অবাক। তিনি বলেন, “আমরা সবাই ‘রহিমার মা’ বলেই ডাকতাম। একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেবো। কী সব হচ্ছে আর এখানে থাকা যাবে না। তারপর কাজ ছেড়ে দিয়ে চলে গেল। মাঝে মাঝেই খবরে কী বলছে খোঁজ নিত। তারপর বলত, ‘ডিটেনশন ক্যাম্পে যেতে চাই না। চলে যাচ্ছি।'”

শুধু এই ‘রহিমার মা’ নন, এমন নানা নামে নানা জায়গায় অসংগঠিত ক্ষেত্র, বিশেষত বাড়ি বাড়ি কাজ করা মহিলারা হু হু করে কাজ ছাড়ছেন। বিরাটিরই বাসিন্দা গীতিকা বসু বললেন, “আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করতেন এক মহিলা। কিন্তু কয়েকদিন আগে বলল কাজ করতে পারবে না। সবাই নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। কিছু তো বলার নেই। বলছে ওদের ওখানে যারা থাকতেন সবাই মিলে আস্তে আস্তে বাংলাদেশ চলে যাচ্ছে। এটুকুই আমি জানি।”

তবে এঁরা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন?

পশ্চিমবঙ্গে SIR ঘোষণা হতেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা থেকে এমনই টুকরো টুকরো ছবি উঠে এসেছে। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহসহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। এই সবকটি উদাহরণ দেখিয়েই তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি।

বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, “মমতা ব্যানার্জির ভোটব্যাঙ্ক সব পালাচ্ছে! SIR ঘোষণার পরপরই উত্তর ২৪ পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটি, বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহসহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন। এরকমই একজন মহিলা, যিনি ‘রহিমার মা’ নামে পরিচিত, ২৫ বছরের ওপরে যিনি বিরাটিতে কাজ করেছেন, SIR ঘোষণার পর উধাও হয়ে গেছেন। যখন স্থানীয়রা খোঁজখবর নিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন।”

এদিকে রবিবার বাংলাদেশে ফেরার পথে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।