বিক্রি সব টিকিট, আজ দুপুরে টি-টোয়েন্টি ধামাকা! সিরিজে এগিয়ে যেতে মরিয়া সূর্যকুমার বনাম অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন ম্যাচ?

মহিলাদের বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর, এবার পুরুষদের ক্রিকেটে ফের ভারতের সামনে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, আজ মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামছে ভারত ও অস্ট্রেলিয়া—এক দিনের সিরিজ হাতছাড়া হওয়ার পর টি-টোয়েন্টি জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যানবেরায় প্রথম ম্যাচে ভারত ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছিল। অভিষেক শর্মা দ্রুত ফিরলেও, অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মে ফেরার ইঙ্গিত এবং শুভমান গিলের ওপেনিংয়ে সাবলীল ব্যাটিং টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক দিক। তাই আজকের প্রথম একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

আর্শদীপ কি আসছেন? মেলবোর্নের উইকেট এবং পরিস্থিতি বিবেচনা করে, বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে কুলদীপের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। অন্যদিকে, অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য ফাস্ট বোলার জশ হ্যাজেলউডের এটিই অস্ট্রেলিয়ার হয়ে এই সিরিজে শেষ ম্যাচ। তাই অজি পেস বিভাগে আজ শন অ্যাবটকে দেখা যেতে পারে।

পরিসংখ্যান ভারতের পক্ষে: পরিসংখ্যানের দিক থেকে ভারত স্বস্তিতে। মেলবোর্নে খেলা ৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত ৪টিতেই জয় পেয়েছে, যা অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, আজ ম্যাচে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। স্টেডিয়ামের ৯০,০০০ আসনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়ায় এক বিশাল জমায়েতের ইঙ্গিত মিলছে।

ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১:৪৫ মিনিটে শুরু হবে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে।