পাহাড়ে শীতের ‘উপহার’! সান্দাকফুতে দেখা মিলল স্বপ্নিল ‘ঘুমন্ত বুদ্ধের’, কাঞ্চনজঙ্ঘার সোনালি রূপে মুগ্ধ পর্যটকরা

শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গেই পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিং জেলার পাহাড়ি জনপদগুলিতে। বিশেষ করে ট্রেকিং প্রিয়দের স্বপ্নের গন্তব্য সান্দাকফুর পথে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। আর সেই ভিড়কে স্বাগত জানাচ্ছে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব এবং মনোমুগ্ধকর দৃশ্য।
মানেভঞ্জন থেকে শুরু হওয়া খাড়াই উতরাই পেরিয়ে টংলু ও তুমলিং পৌঁছতেই আজ সকালে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা। ধোয়া-মোছা নীল আকাশের ক্যানভাসে আজ যেন ভেসে উঠেছে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা। শুধু তাই নয়, কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ, পান্ডিমসহ বিভিন্ন পর্বতশৃঙ্গ মিলে গঠিত সেই বিখ্যাত ‘Sleeping Buddha’ (ঘুমন্ত বুদ্ধ)-এর দৃশ্যও ছিল একেবারে স্পষ্ট।
সূর্যের প্রথম আলোয় সোনালি রঙে রাঙানো কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য দেখে সকাল থেকেই তুমলিং-এর পর্যটক এবং স্থানীয়রা উচ্ছ্বসিত। অনেকেই গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ক্যামেরাবন্দী করেছেন এই স্বপ্নিল মুহূর্ত।
দিন কয়েক আগের বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পর, পাহাড়ে যেন প্রকৃতির এই অপরূপ রূপের ছটায় প্রাণ ফিরে পেল। একদিকে শীতের হিমেল হাওয়া, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য – সব মিলিয়ে দার্জিলিং পাহাড়ে এখন যেন প্রকৃতির সঙ্গে উৎসবের এক অসাধারণ মেলবন্ধন তৈরি হয়েছে। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে শীতের মরশুমের শুরুতেই ভিড় বাড়ছে পাহাড়প্রেমীদের।