ভাইফোঁটার পর থেকেই হাওয়া বদল! উইকেন্ডে দক্ষিণ-উত্তর, দুই বাংলাতেই ঝড়-বৃষ্টির মহাবিপদ?

আজ, বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে রাজ্যজুড়ে আকাশ থাকবে মূলত ঝলমলে। আগামী দু’দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে দু’এক জায়গায় সামান্য কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে, বিশেষত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে। বাকি সব জেলাতেই আবহাওয়া থাকবে রোদ ঝলমলে এবং মনোরম।

তবে শুক্রবার, ২৪ অক্টোবর থেকেই আবহাওয়ার এই শান্ত পরিবেশের পরিবর্তন ঘটতে চলেছে।

শুক্রবার থেকে উপকূলের জেলায় বৃষ্টি: শুক্রবার থেকেই আবহাওয়ার ‘হাওয়া বদল’ শুরু। উপকূলের কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উইকেন্ডে (শনি-রবি-সোম) দক্ষিণবঙ্গে চরম সতর্কতা: শনিবার, রবিবার এবং সোমবার – এই তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দখিনা বাতাস এবং পশ্চিমী হাওয়ার সংস্পর্শে এই বৃষ্টিপাত হবে এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। আগামী মঙ্গলবার, ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। শনি, রবি এবং সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার: দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

রবিবার: এই তিনটি জেলার সঙ্গে মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

সোমবার: উত্তরবঙ্গের আট জেলাতেই (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।