উৎসবের আবহে মর্মান্তিক বলি! সবজি কিনতে গিয়ে আর ফেরা হলো না, বাসের ধাক্কায় জাতীয় সড়কেই ঝরে গেল প্রাণ!

উৎসবের আবহে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাইক আরোহীর। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর এলাকায় ১২ নং জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিরুদ্দিন শেখ, তাঁর বাড়ি সাগরদিঘি থানার জালবান্ধায়।

জানা গিয়েছে, নাসিরুদ্দিন শেখ জালবান্ধা থেকে মোটরবাইকে চড়ে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন। কিন্তু রতনপুরের ১২ নং জাতীয় সড়ক অতিক্রম করার সময়ই দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে তাঁর বাইকের সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।

মাথায় হেলমেট থাকলেও শেষরক্ষা হলো না

স্থানীয় বাসিন্দারা জানান, নাসিরুদ্দিনের মাথায় হেলমেট থাকলেও বাসের ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে তিনি গুরুতর আহত হন। বিকট শব্দে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা নাসিরুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের অন্যতম রোজগেরে সদস্য ছিলেন নাসিরুদ্দিন। সবজি আনতে গিয়ে এমন ঘটনা ঘটে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। বুধবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।