বোলপুরে অজয় নদের চরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! এক মাস পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নিষ্ক্রিয়করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি পুরনো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুর থানার লাউদহ গ্রামে। প্রায় এক মাস আগে অজয় নদের চরে মাছ ধরতে গিয়ে জেলেদের নজরে আসে সিলিন্ডারের মতো দেখতে একটি অচেনা ধাতব বস্তু। পরে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় বোমা বলে অনুমান করা হয়।
বোমাটি উদ্ধার হওয়ার খবর পেয়েই প্রশাসন তড়িঘড়ি এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এক মাস ধরে এলাকাটি পুলিশি পাহারায় রাখা হয়েছিল এবং স্থানীয় মানুষকে সেই জায়গা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছিল।
৭০ বছর পরেও সক্রিয়তা দেখে হতবাক
আজ, বুধবার, প্রায় এক মাস পর কেন্দ্রীয় বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তত্ত্বাবধানেই বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। এত প্রাচীন একটি বোমার পরেও সক্রিয় থাকার সম্ভাবনা দেখে হতবাক হয়েছেন সকলেই।
প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ এবং সফল নিষ্ক্রিয়করণের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাউদহ গ্রামের বাসিন্দারা। ভয়মুক্ত হয়ে তাঁরা সকলেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
এদিকে, এত বছর আগে অজয় নদের চরে কীভাবে এই বোমা পৌঁছল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।