কলকাতা থেকে ওড়ার পর বারণাসীতে জরুরি অবতরণ Indigo বিমানের, মাঝ আকাশে কী ঘটল?

ফের মাঝ-আকাশে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। ১৬৬ জন যাত্রী ও বিমানকর্মীর জীবন বাঁচিয়ে বুধবার সন্ধ্যায় বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করল কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়ান। বিমানটিতে জ্বালানি লিকেজ (Fuel Leakage)-এর মতো গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন পাইলট।
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ান নম্বর 6E-6961 কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ-আকাশে হঠাৎই সমস্যা বুঝতে পারেন পাইলট। বিপদ বুঝে দ্রুত তিনি বারাণসী বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন। বিমানটিতে জ্বালানি লিকেজের বিষয়টি জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর ঠিক বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।
বারাণসী পুলিশ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ‘গোমতী জোন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ান (6E-6961) জ্বালানি লিকেজ সম্পর্কে অভিযোগ পাওয়ার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।’
পুলিশ আরও নিশ্চিত করেছে, বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন। সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং বিকল্প উড়ানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের অ্যারাইভাল এরিয়ায় বসানো হয়। বিমানবন্দর কর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বিমানটি পরীক্ষা ও মেরামতের জন্য ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছেন। মেরামত সম্পূর্ণ হলে তবেই বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
সাম্প্রতিক সময়ে বারবার ইন্ডিগোর বিমানের যান্ত্রিক ত্রুটি এবং নানা বিপত্তির খবর সামনে এসেছে। এর আগে গত ১০ অক্টোবর ইন্ডিগোর মাদুরাই-চেন্নাইগামী একটি বিমানের সামনের কাঁচে ফাটল ধরার ঘটনা ঘটেছিল। ফলে বারবার এই ধরনের ঘটনায় যাত্রী সুরক্ষার বিষয়টি আবারও বড় প্রশ্নের মুখে।