মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তৃতীয়বার তলব ইডি-র! উত্তরে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সংস্থা? নিয়োগ দুর্নীতিতে ফের চাপ

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে তৃতীয়বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘র‌্যাডারে’ থাকা এই মন্ত্রীকে এর আগে আদালতের নির্দেশে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা। সেই কারণেই বুধবার তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরই গত বছর (২০২৪) মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তাঁর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। যদিও তখন তাঁকে গ্রেফতার করা হয়নি।

পরবর্তীকালে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় ইডি। এরপর গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন রাজ্যের মন্ত্রী। কেন্দ্রীয় সংস্থা সাত দিনের হেফাজত চাইলেও, তিনি জামিন পান। পরে তাঁর জামিনের মেয়াদ আরও বাড়ানো হয়। ইডি-র হেফাজতের আবেদনের বিরোধিতা করে মন্ত্রীর আইনজীবী সওয়াল করেছিলেন, “তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?”

আদালত তখন স্পষ্ট জানিয়ে দেয়, ইডি আধিকারিকরা রাজ্যের কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না এবং বিকেল ৫টার আগে তাঁকে ছেড়ে দিতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছিল যে, দু’দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে ইডি রাজ্যের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে। সেই নির্দেশ মেনেই ফের একবার চন্দ্রনাথ সিনহাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।