‘অনুপ্রবেশকারীদের তাড়াবই!’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, মহিলাদের দিলেন ‘খড়্গ’ তোলার পরামর্শ!

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় উঠেছে— দু’দিন আগে এই অভিযোগ তোলার পর এবার অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ঘোষণা করেন, “অনুপ্রবেশকারীদের তাড়াবই। কোনও অনুপ্রবেশকারীকে আমাদের দেশে রাখব না।” একইসঙ্গে, রাজ্যের নারী সুরক্ষা নিয়েও সরব হয়ে তিনি মহিলাদের হাতে ‘খড়্গ’ তুলে নেওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার নিউ দিঘার একটি ব্যবসায়ী সংগঠনের কালীপুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অনুপ্রবেশকারীদের এদেশে রাখা হবে না। এবং নারী সুরক্ষার জন্য তাদের দেশ থেকে তাড়ানো হবেই।” বিরোধী দলনেতার দাবি, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্যই এ দেশে অশান্তি, খুন, ধর্ষণ এবং ভোটলুঠের মতো ঘটনা বাড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই অনুপ্রবেশের ফলে আপনার, আমার বাড়ির ছোট ছোট মেয়েরাও আজ নিরাপদ নয়। তাই নারী সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীদের আমরা তাড়াবই।”

অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য স্পষ্ট করে শুভেন্দু বলেন, “যারা সীমানা পেরিয়ে এদেশে এসেছে তারা অনুপ্রবেশকারী। আর যে সব হিন্দু অত্যাচারিত হয়ে সীমানা পেরিয়ে অন্য দেশ থেকে এ দেশে এসেছেন, তাঁরা শরণার্থী। তাঁরা এ দেশে থাকবেন। তাঁদের কোনও সমস্যা হবে না।” তিনি আরও বলেন, “ভারতীয়দের প্রতি আমার বিদ্বেষ নেই। তিনি হিন্দু, মুসলিম, জৈন যেই হোন না কেন।”

নারী সুরক্ষার প্রশ্নে বিরোধী দলনেতা আবেগপ্রবণ হয়ে বলেন, “আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ। সমস্ত মহিলার মধ্যে আমরা দেবী দুর্গার মুখ দেখি। আমি দেবী দুর্গা ও মা কালীর কাছে প্রার্থনা করেছি। দুর্গার ত্রিশূল ও কালীর খড়্গ রাখতে হবে। মেয়েদের উপর অত্যাচার হলে খড়্গ নিয়ে শাস্তি দিক।” মহিলাদের নিজেদের সুরক্ষার তাগিদে প্রতীকী অর্থে ‘খড়্গ’ হাতে তুলে নেওয়ার পরামর্শও দেন তিনি।

শুভেন্দুর এই ‘খড়্গ’ মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মায়ের খড়্গ একজনের হাতেই রয়েছে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না।”