সিভিক ভলান্টিয়ারের পর এবার হোম গার্ড! উলুবেড়িয়া হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে ‘ধর্ষণের হুমকি’, গ্রেফতার ২

সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনা ফের সামনে এল। সিভিক ভলান্টিয়ারের পর এবার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে এক হোম গার্ডের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। এই ঘটনায় হোম গার্ড-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত হোম গার্ড নিজেকে ‘পুলিশ অফিসার’ পরিচয় দিয়ে জুনিয়র ডাক্তারের ওপর ‘চড়াও’ হন এবং তাঁকে শারীরিক নিগ্রহ করেন। শুধু তাই নয়, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হবে বলেও হোম গার্ড হুমকি দেন বলে অভিযোগ।
এই ঘটনার সময় ওয়ার্ডের আশপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলেও অভিযোগ করেছেন চিকিৎসক। নিগৃহীতা জুনিয়র ডাক্তার এই ঘটনায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামে এবং দ্রুত হোম গার্ড-সহ দু’জনকে গ্রেফতার করে।
সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর হোম গার্ডের এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফের একবার সরকারি হাসপাতালের নিরাপত্তা এবং কর্মীদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।