‘ওরা তো ক্লাব চালাচ্ছে না!’ সমর্থকদের বিজেপি নেতার কাছে যাওয়া নিয়ে কেন এমন বললেন মহমেডান কর্তা? ক্লাব ভাঙা নিয়ে বড় মন্তব্য

বিনিয়োগকারী সমস্যার কারণে চরম সংকটে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কয়েকদিন আগেই এই আর্থিক দুর্দশা মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন সাদা-কালো কর্তারা, কিন্তু তাতে এখনও কোনও সুরাহা হয়নি। এবার ক্লাবের এই দুর্দশার কথা তুলে ধরে আসরে নেমেছেন সমর্থকরা।
বিজেপি রাজ্য সভাপতির দ্বারস্থ সমর্থকরা:
ক্লাবকে বাঁচাতে সোমবার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন মহমেডান সমর্থকরা। তাঁরা শমীক ভট্টাচার্যের হাতে একটি আবেদনপত্র তুলে দিয়ে ক্লাবকে বাঁচাতে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। সমর্থকরা চান, দ্রুত বিনিয়োগকারী সমস্যা মিটিয়ে আবার আইএসএল (ISL) খেলুক মহমেডান। মহমেডান সমর্থকদের এই আবেদনপত্র গ্রহণ করেছেন শমীক ভট্টাচার্য। তবে এই বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করেননি।
মহমেডান কর্তার মন্তব্য ঘিরে বিতর্ক:
সমর্থকরা ক্লাবের সমস্যার সমাধানে বিজেপি রাজ্য সভাপতির দ্বারস্থ হওয়ায় মহমেডান স্পোর্টিংয়ের এক কর্তা মহম্মদ কামারউদ্দিন বলেন, “সমর্থকরা কে কোথায় যাচ্ছেন, তাঁরা তো ক্লাব চালাচ্ছেন না। ক্লাব চালাচ্ছেন কর্মকর্তারা। সমর্থকরা যেতেই পারেন, তাঁদের অধিকার রয়েছে। তাঁরা যদি মনে করেন, আমরা ঠিকমতো কাজ করছি না, তাহলে কাউকে নিয়ে আসুক। যার কাছে গিয়েছে, ওরা যদি চালাতে পারে ভাল কথা।”
একইসঙ্গে তিনি জানান, “আটদিন আগে আমরা ট্রাস্টির কাছে আবেদন জানিয়েছিলাম যাতে কমিটিকে ভেঙে দেওয়া হয়। কিন্তু, ট্রাস্টি বললেন, এখন কিছু করা হবে না। যতক্ষণ না নিরাশ হচ্ছি, ততক্ষণ কিছু করা হবে না।” তিনি আরও বলেন, বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার আগে ট্রাস্টির অনুমতি নেওয়ার ক্লাবের নিজস্ব নিয়ম আছে। ট্রাস্টিকেও বিনিয়োগকারী খুঁজতে অনুরোধ করা হয়েছে। ক্লাব এই মুহূর্তে একটি বিনিয়োগকারীর সঙ্গেই কথা বলছে বলে তিনি জানান।