বিহার নির্বাচনে জোটের ফাটল প্রকাশ্যে! RJD-র পর একাই লড়ছে JMM, AAP ঘোষণা করল আরও ১২ প্রার্থীর নাম

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-কে কেন্দ্র করে মহাজোটের অভ্যন্তরে আসন রফা নিয়ে তীব্র টানাপোড়েন চললেও, দ্বিতীয় ধাপের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ১৪৩টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের দল এককভাবে এতগুলি আসনে প্রার্থী দেওয়ায় জোটের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আরজেডি প্রধান তেজস্বী যাদব যথারীতি বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, আরজেডি-র উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: মাধেপুরা থেকে চন্দ্র শেহখর, মোকামা থেকে (সুরভনের স্ত্রী) বীণা দেবী এবং ঝাঝা থেকে উদয় নারায়ণ চৌধুরী, এঁরা প্রত্যেকেই দলের ঐতিহ্যবাহী হ্যারিকেন প্রতীকে লড়াই করবেন।

মহাজোটে ফাটল, একলা লড়ছে AAP ও JMM

মহাগঠবন্ধনের মধ্যে চলমান বিরোধের কারণেই এতদিন আরজেডি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। ২০২০ সালের তুলনায় এবার আরজেডি একটি কম আসনে (গতবার ১৪৪টি) প্রার্থী দিয়েছে।

আরজেডি-র পাশাপাশি এদিন আম আদমি পার্টি (AAP) তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই দফায় আরও ১২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, ফলে এখনও পর্যন্ত কেজরিওয়ালের দল মোট ১৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল। আপ জানিয়েছে, তারা এবারের নির্বাচনে বিহারের ২৪৩টি আসনেই প্রার্থী দেবে এবং জোটের ছত্রছায়া থেকে বেরিয়ে ‘কেজরি মডেল’কে হাতিয়ার করে একাই লড়াই করবে। আপ-এর চতুর্থ তালিকায় মধুবন আসনে কুমার কুণাল, সুপল থেকে ব্রিজ ভূষণ (নবীন) এবং গয়া শহর আসন থেকে অনিল কুমারের নাম রয়েছে।

অন্যদিকে, আসন রফা চূড়ান্ত না-হওয়ায় কংগ্রেস (যারা আগেই ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল) এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-ও নিজেদের মতো প্রার্থী দেওয়া শুরু করেছে। সূত্রের খবর, জেএমএম একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল বের হবে ১৪ নভেম্বর। জোটের এই ফাটল ভোটের সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।