‘মা তো সকলেরই মারা যায়…ছুটি নেওয়ার কী আছে’! UCO ব্যাঙ্কের বসের ‘বর্বর’ মন্তব্যে কেঁপে উঠল নেটপাড়া, কী ঘটছে চেন্নাইয়ে?

স্বৈরাচারী এবং সংবেদনহীন আচরণের জেরে সমালোচনার মুখে ইউকো ব্যাঙ্কের (UCO Bank) এক উচ্চপদস্থ কর্মকর্তা। চেন্নাই জোনাল প্রধানের অধস্তনদের সঙ্গে ব্যবহারের নমুনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ধিক্কার জানাচ্ছে নেটিজেনরা। এক ব্যাংক কর্মীর করা অভিযোগের পোস্টটি মুহূর্তে ব্যাঙ্কিং দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

ইউকো ব্যাঙ্কের ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনেছেন যে, চেন্নাই জোনাল প্রধান আরএস অজিত কর্মক্ষেত্রে ‘ভয় ও নিপীড়নের’ পরিবেশ তৈরি করছেন। তিনি কর্মীদের সঙ্গে পেশাদার কর্মকর্তার মতো নয়, বরং চাকর-বাকরের মতো আচরণ করেন, যা কর্মক্ষেত্রের সংস্কৃতিকে নষ্ট করছে।

মানবিকতা ভুলিয়ে দেওয়া মন্তব্য:

অভিযোগপত্রে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মীদের ছুটি না দেওয়ার চরম পক্ষপাতিত্বের কিছু ভয়ঙ্কর উদাহরণ তুলে ধরা হয়েছে। পারিবারিক সঙ্কটের সময়েও তিনি কুৎসিত ভাষায় ছুটিপ্রার্থীদের অপমান করেছেন:

কারও মা মারা যাওয়ার পর ছুটি চাইতে গেলে তিনি নাকি বলেছেন: “সবাই মা মারা যায়… বেশি নাটক করো না তো!”

এক কর্মচারীর মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ছুটি চাইলে তাঁকে অপমান করে বলা হয়: “তুমি ওখানে থেকে কী করবে, তুমি কি ডাক্তার, অফিসে এসো না হলে বেতন-ছাড়া ছুটি নাও।”

আরেকজন কর্মীর স্ত্রী হাসপাতালে ভর্তি হলে তিনি ছুটি চান। জবাবে বসের উত্তর আসে: “এমনিতেও তুমি অপদার্থ!” এরপরই তাঁর ছুটির আবেদন অবমাননাকর মন্তব্যসহ খারিজ করে দেওয়া হয়।

এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা কমেন্ট সেকশনে এই আচরণকে ‘বর্বর’ এবং ‘একনায়কতন্ত্র’ বলে নিন্দা করছেন। অনেকেই ঘটনার স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং অর্থ মন্ত্রকের নজরে আনার চেষ্টা করছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউকো ব্যাংক বা তাদের চেন্নাই জোনাল অফিস— কেউই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।