সিরিয়াল ছাড়তে বাধ্য হয়ে বিস্ফোরক তুলিকা বসু! “এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়…”, কেন কাজ থেকে সরে এলেন অভিনেত্রী?

দর্শকদের দৈনন্দিন বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল বাংলা সিরিয়াল। কিন্তু এই বিনোদন জগতে মাঝে মাঝেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি তেমনই এক ঘটনার শিকার হলেন অভিনেত্রী তুলিকা বসু (Tulika Basu)। দীর্ঘ আট মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেছিলেন তিনি। কিন্তু সিরিয়াল শুরু হতে না হতেই আচমকা কাজ ছাড়তে বাধ্য হলেন তুলিকা।
কেন এই পরিস্থিতি?
জানা গিয়েছে, মাত্র দু’মাসের মধ্যেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। সিরিয়াল শুরু করার আগেই তিনি নির্মাতাদের কাছে তাঁর যাত্রার (যাত্রা পালা) ডেট-এর বিষয়টি জানিয়েছিলেন। সেই সময় নির্মাতারা সম্মতিও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই যাত্রার তারিখ নিয়ে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে সিরিয়াল থেকে সরে আসতে বলা হয়েছে বলে দাবি তুলিকার।
অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য:
এই ঘটনায় অভিনেত্রী তুলিকা বসু মুখ খুলেছেন এবং তাঁর বক্তব্য রীতিমতো বিস্ফোরক। তিনি জানান, প্রথম দিকে তাঁকে বলা হয়েছিল এই সিরিয়ালের জন্য মাসে ২৫ দিন ডেট দিতে হবে, কিন্তু পরে সেটি কমে মাত্র ১২ দিন করা হয়, যা তিনি মেনেও নিয়েছিলেন। কিন্তু সমস্যা তৈরি হয় এরপরই।
অভিনেত্রী অভিমান ভরে বলেন, “আমার যাত্রার ডেটের জন্য যদি সিরিয়ালের ক্ষতি হত বা কথা দিয়েও আমি শুট করতে না পারতাম, তবে আমার এতটা খারাপ লাগত না। একটা রক্ত মাংসের চরিত্রকে গড়ে তোলার পরিশ্রম শুধুমাত্র শিল্পীরাই বোঝেন। তারপরেও সবক্ষেত্রে তাঁদেরকেই কেন মানিয়ে চলতে হবে?”
সিরিয়াল থেকে সরে আসতে বলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। অভিমানী কণ্ঠে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রি তাঁর জন্য নয়। তিনি হিসেব করে চলতে পারেন না বা রাজনীতি বোঝেন না। তাই এখানে আর কাজ করবেন না বলেই ভাবছেন। তুলিকার কথায়, “এই ইন্ডাস্ট্রি আমার কাছে অচেনা লাগে। আমি সত্যিই চাইছি না ইন্ডাস্ট্রিতে কাজ করতে। তবে এটাই আমার জীবিকা। তাই কীভাবে কাটাব জানি না। যত তাড়াতাড়ি চলে যাব ততই মনে হয় ভালো।”