২০২৬ মাধ্যমিক পরীক্ষার আগে কঠোর পর্ষদ! সন্তান পরীক্ষা দিলে ডিআই-এসআইরা থাকতে পারবেন না দায়িত্বে, কেন এই নির্দেশ?

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) স্বচ্ছতা ও প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে কঠোর হল মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো জেলা স্কুল পরিদর্শক (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকের (এসআই) সন্তান যদি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় বসে, তবে সংশ্লিষ্ট আধিকারিক পরীক্ষার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

পর্ষদকে জানাতে হবে তথ্য:

পর্ষদের এই নির্দেশিকায় বলা হয়েছে যে, কোন কোন ডিআই এবং এসআই-এর সন্তান মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে, সেই বিষয়ে পর্ষদকে আগাম তথ্য জানাতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, সাধারণত তাঁরা নিজেরাই এই তথ্য জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ান। তবে গত বছর একটি অনভিপ্রেত ঘটনা ঘটায় এ বছর আগে থেকেই এই বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে পর্ষদ।

কেন এই সতর্কতা?

মাধ্যমিক পরীক্ষা আয়োজনে ডিআই এবং এসআইদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তাঁদের তত্ত্বাবধানেই সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়। এই পরিস্থিতিতে যদি তাঁদের সন্তানরা পরীক্ষা দেন, তবে প্রশ্নপত্রের গোপনীয়তা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি হতে পারে।

প্রসঙ্গত, গত বছর মালদহের একজন বিদ্যালয় পরিদর্শকের (বিআই) ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই আধিকারিক বিষয়টি গোপন রেখেছিলেন। চারটি বিষয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিআইকে পরীক্ষার ব্যবস্থা থেকে সরিয়ে দিয়েছিল পর্ষদ। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই পর্ষদ এবার আগেভাগে এই আগাম বিজ্ঞপ্তি জারি করল।