“আমরা সবাই খাঁচায় বন্দি…”! মমতা শঙ্করের উপস্থিতিতে কোন ‘পিঞ্জর’-এর গল্প KIFF-এ?

সিনেমার উৎসবে সেজে উঠছে তিলোত্তমা। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF), যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবের ঠিক আগেই এল খুশির খবর। রুদ্রজিৎ রায় পরিচালিত দ্বিভাষিক ছবি ‘পিঞ্জর’ (Pinjor) এবারে KIFF-এর বেঙ্গলি প্যানোরমা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
এর আগে শিকাগোর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সিডনির ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং টরন্টোর ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রশংসিত হয়েছে। এবার বাংলার দর্শক দেখতে পাবেন ২ ঘণ্টা ১৭ মিনিটের এই ছবিটি।
‘পিঞ্জর’ ছবির মূল প্রেক্ষাপট তারক, শেফালি, ঝিমলি, ইকবাল এবং পারমিতার মতো একাধিক চরিত্রকে কেন্দ্র করে তাদের জীবনের নানা গল্প। এই ছবিতে মূলত মানুষের জীবনধারণের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে।
পরিচালক রুদ্রজিৎ রায় বলেন, “আমরা মানুষ হলেও সকলেই একটা পিঞ্জরে বা খাঁচায় বন্দি। কীভাবে বন্দি সেটা এক-এক জনের ক্ষেত্রে এক-এক রকম। সেই সব কিছু পিঞ্জরে বন্দি মানুষদের গল্পই রয়েছে এই ছবিতে।” এই ছবিটি এতটাই সাড়া ফেলেছে যে বার্সেলোনা, টরন্টোর মতো জায়গা থেকেও এটিকে স্থানীয় ভাষায় অনুবাদ করে দেখানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে।
ছবিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়, সাগ্নিক মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, শতাক্ষী নন্দী, তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিদীপা দাস, সামিউল আলম-সহ আরও অনেকে। একটি স্বল্প সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিংবদন্তী অভিনেত্রী মমতা শঙ্করকে।
‘পিঞ্জর’-এর কারিগরি দিক সামলেছেন সায়ন্তন নাগ ও অনিন্দিতা ঘোষ (সম্পাদনা), রাতুল শঙ্কর (মিউজিক ডিরেক্টর) এবং মানস ভট্টাচার্য (ক্যামেরা)। এছাড়াও প্রোমোশনের জন্য সৌম্যঋত-এর তৈরি একটি গান গেয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং প্রেমাংশু দাস।