ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডে ডিএ বেড়ে ৫৮%! বাংলা সহ কোন কোন রাজ্যে সরকারি কর্মীরা এখনও ৪০% পিছিয়ে?

উৎসবের মরসুম শুরুর আগেই সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর। দিওয়ালির ঠিক আগে দেশের একাধিক রাজ্য সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA – Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মী সরাসরি উপকৃত হয়েছেন।

যে চার রাজ্যে ডিএ বাড়ল:

ইতিমধ্যে যে রাজ্যগুলি ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, তাদের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ।

ঝাড়খণ্ড: এই রাজ্য সরকার কেন্দ্রের দেখানো পথেই হেঁটেছে। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩% ডিএ এবং ডিআর (Dearness Relief) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন, যা বেড়ে হল ৫৮ শতাংশ। অর্থাৎ, ঝাড়খণ্ডের সরকারি কর্মীরা এবার থেকে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন।

উত্তরাখণ্ড: উত্তরাখণ্ড সরকারও রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এতদিন এই রাজ্যের কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন, যা বেড়ে এখন ৫৮%। রাজ্য সরকার জানিয়েছে, এই ডিএ বৃদ্ধি গত ১লা জুলাই থেকে কার্যকর হবে এবং দিওয়ালির আগেই কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। অতিরিক্ত উপহার হিসেবে রাজ্য কর্মীদের বোনাসও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশ সরকার সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২% হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে রাজ্যের কর্মীরা এবার থেকে ৫৫% হারে বেতন পাবেন। এই বৃদ্ধি কার্যকর হবে ১লা সেপ্টেম্বর থেকে। অন্যদিকে, ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিআর বেড়ে ২৫২ শতাংশে পৌঁছবে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি:

যখন একযোগে একাধিক রাজ্য সরকার কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করছে, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক বর্তমানে প্রায় ৪০ শতাংশ।

যদিও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বৃদ্ধি করতে পারে। তবে এটি এখনও জল্পনা মাত্র। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন।