ধনতেরসে কেন ঝাঁটা কেনা শুভ? শুধু কিনলেই হবে না, সৌভাগ্য ফেরাতে কোন সময়ে কিনতে হবে জানেন?

আজ পবিত্র ধনতেরস (Dhanteras 2025)। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। চিরাচরিত প্রথা মেনে অনেকেই এই দিনে সোনা, রূপো বা মূল্যবান ধাতু কিনে থাকেন। তবে বর্তমানে সোনার দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেই বিকল্পের সন্ধানে। এখন ধনতেরসে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালীর জিনিস কেনার চল বেড়েছে। আর বিগত কয়েক বছর ধরে এই দিন ঝাঁটা কেনার ক্ষেত্রে এক বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে।

ধনতেরসে কেন ঝাঁটা কেনা শুভ?

বিশেষজ্ঞরা বলছেন, ধনতেরসের দিনে নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। এর পিছনে যুক্তি হলো— ঝাঁটা ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। আর মা লক্ষ্মী সর্বদা পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করেন। তাই এদিন ঝাঁটা কিনলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়া যায় এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।

কখন কিনবেন?

তবে শুধু কিনলেই হবে না, সঠিক সময়ে কেনা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ধনতেরসের দিন দুপুর থেকে সূর্যাস্তের ঠিক আগের সময় পর্যন্ত ঝাঁটা কেনার জন্য শুভ। এই সময়টিকে কাজে লাগানো উচিত। কিন্তু ভুল করেও সন্ধ্যাবেলায় ঝাঁটা কেনা উচিত নয়। কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যাতে ঝাঁটাটি কোথাও থেকে ভাঙা বা ত্রুটিপূর্ণ না থাকে।

পুরনো ঝাঁটা ফেলার সঠিক নিয়ম কী?

অনেকেই নতুন ঝাঁটা কেনার পর পুরনোটি ফেলে দেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পুরনো ভাঙা ঝাঁটা যেখানে সেখানে ফেলে দেওয়া মোটেই শুভ নয়, কারণ এটি নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায়। দীপাবলির আগে পুরনো ঝাঁটা ফেলা উচিত নয়। পুরনো ঝাঁটা পোড়ানোও ঠিক নয়। বরং এটিকে কাগজে মুড়িয়ে ফেলা উচিত।

বিশেষজ্ঞদের মতে, যেকোনো শনিবার অথবা অমাবস্যার পরের দিন পুরনো ঝাঁটা ফেলা যেতে পারে। তবে কোনো বিশেষ তিথি পড়লে সেদিন ঝাঁটা ফেলা উচিত হবে না। সেক্ষেত্রে কালীপুজোর পরদিন অমাবস্যা কেটে গেলে বাতিল ঝাঁটা ফেলে দেওয়াই শাস্ত্রসম্মত।